• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:২৯:২০ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

৪ জুলাই ২০২৬ সকাল ১০:২৪:০৮

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা সানু। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

৪ জুলাই শনিবার ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে শুক্রবার সকাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু হয়। দীর্ঘ গণনা শেষে ভোরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব (২৬০ ভোট) ও ইলিয়াস কোবরা (২১৬ ভোট)। এ পদে নূতন পেয়েছেন ২০৪ ভোট এবং রোজিনা ১৫২ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সনি রহমান। তিনি পেয়েছেন ২৩৩ ভোট। অপর প্রার্থী চুন্নু পেয়েছেন ১৮২ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির। তার প্রতিদ্বন্দ্বী পপি পেয়েছেন ১৪৪ ভোট।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। একই পদে রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট এবং ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট।

কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল। একই পদে জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।

এবারের নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। একদিকে ছিল আরমান–মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা সানু–জয় চৌধুরী পরিষদ। প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় কর্মসূচিতে সরগরম ছিল চলচ্চিত্রাঙ্গন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us