স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদের ছয় উইকেটের পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তানজিদের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এবং শান্তর ফিফটিতে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করেন বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও মুমিনুল হকের ১০২ রানের জুটি দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। মুমিনুল ৪৯ রানে আউট হলেও তানজিদ নিজের ইনিংসকে বড় করেন।
৬৪তম ওভারে নাথান লায়নের বলে লং অফ দিয়ে সিঙ্গেল নিয়ে ১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। শতক পূর্ণ করার পর হেলমেট খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
তানজিদের চার বল আগে ফিফটির দেখা পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭৪ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। তানজিদের সঙ্গে শান্তর জুটিও দ্রুত একশ রানের দিকে এগিয়ে যাচ্ছে।
এর আগে প্রথম সেশন শেষে ৭৪ রানে অপরাজিত ছিলেন তানজিদ। শান্ত অপরাজিত ছিলেন ২৮ রানে। লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮১ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে তখনও ১৭ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।
দ্বিতীয় সেশনেও ব্যাট হাতে দাপট ধরে রাখে বাংলাদেশ। তানজিদ ব্যাকফুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে দলকে ২০০ রানের ঘরে নিয়ে যান। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেয় সফরকারীরা।
মুমিনুলের বিদায় হয় ৯৫ বলে ৮ চারে ৪৯ রানে। জশ হ্যাজলউডের অফ স্টাম্পের বাইরের ফুলার বল ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসে জমা পড়ে। এর আগে দলীয় ৩৬ রানে সাদমান ইসলাম আউট হন।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৯৬ রান। এর আগে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে শেষ করে বাংলাদেশ।
তানজিদের সেঞ্চুরি ও শান্তর ফিফটিতে ডারউইন টেস্টে এখন চালকের আসনে বাংলাদেশ। ২ উইকেটে ২৩০ রান নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available