• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ রাত ০৯:০৩:৩০ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

ক্যাপ্টেনস কার্ড নিয়ে সাবেক পেসারের সমালোচনা

১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:১৪

ক্যাপ্টেনস কার্ড নিয়ে সাবেক পেসারের সমালোচনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে ক্যাপ্টেনস কার্ড নামে বিশেষ সুবিধা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি। তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটির উদ্যোগে চালু হওয়া এ কার্ডের মাধ্যমে সাবেক অধিনায়কেরা আইসিসি, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিপিএলসহ সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন।

একই সঙ্গে কার্ডধারীরা জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের মতো স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন এবং অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিমের সেবা নিতে পারবেন।

Ad
Ad

গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে মোট ৩২ জন সাবেক অধিনায়ককে এই কার্ড প্রদান করা হয়।

Ad

তবে উদ্যোগটি ইতিবাচক হিসেবে দেখলেও এ নিয়ে সমালোচনাও উঠেছে। জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য সামাজিক মাধ্যমে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। জাতীয় দলের হয়ে ২১টি টেস্ট ও ৫৬টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার ক্যাপ্টেনস কার্ডকে এই যুগের বৈষম্য হিসেবে উল্লেখ করেন।

গত ১৭ এপ্রিল শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, আগে থেকেই খেলা দেখার ক্ষেত্রে অধিনায়কদের জন্য এসি বক্স এবং অন্য সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি ছিল, এখন আবার নতুন করে কার্ড চালু করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, এতে অধিনায়ক ও অন্যান্য ক্রিকেটারদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। ভবিষ্যতে এ বিষয়ে ভিডিও বার্তায় বিস্তারিত বলবেন বলেও জানান তিনি।

তাপস বৈশ্য সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের উদাহরণ টেনে বলেন, জনপ্রিয় খেলোয়াড় হয়েও তিনি সাধারণ গ্যালারিতে বসবেন, আর নতুন কোনো অধিনায়ক এসি বক্সে এটি গ্রহণযোগ্য নয়।

তিনি আরও প্রশ্ন তোলেন, অধিনায়কদের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা থাকলেও অন্য সতীর্থদের জন্য কেন থাকবে না। এ ধরনের বৈষম্যের কারণে নিজেকে জাতীয় দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেও লজ্জাবোধ করছেন বলে উল্লেখ করেন তিনি।

সবশেষে তিনি মন্তব্য করেন, ভবিষ্যতে আর কোনো সাবেক খেলোয়াড়কে বোর্ড সভাপতি হিসেবে দেখতে চান না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
এসএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা
১৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৮:১৪








Follow Us