স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের গ্লোবাল সুপার লিগের (জিএসএল) সম্প্রচার অংশীদারদের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। এবারের আসরে আগের যেকোনো মৌসুমের তুলনায় আরও বিস্তৃত পরিসরে সম্প্রচার নিশ্চিত করা হয়েছে। বিশ্বের ২০টিরও বেশি অঞ্চল থেকে দর্শকরা টুর্নামেন্টের ম্যাচ উপভোগ করতে পারবেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশে গ্লোবাল সুপার লিগের ম্যাচ সম্প্রচার করবে টি স্পোর্টস। ভারত ও মালদ্বীপে সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সনি, অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস, নিউজিল্যান্ডে স্কাই এনজেড, পাকিস্তানে এ স্পোর্টস ও তামাশা, মধ্যপ্রাচ্যে মাইকো, শ্রীলঙ্কায় ডায়ালগ টিভি, যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো এবং যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটাল।
এ ছাড়া আফগানিস্তান, মালয়েশিয়া ও নেপালে ম্যাচ দেখাবে স্টাইক্সস্পোর্টস। ক্যারিবিয়ান অঞ্চলে সম্প্রচারের দায়িত্বে রয়েছে রাশ লাইভ অ্যান্ড লাউডার। বিশ্বের অন্যান্য অঞ্চলের দর্শকরা ইউটিউবের মাধ্যমে ম্যাচ দেখতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আসরে প্রথমবারের মতো যুক্তরাজ্য, আফগানিস্তান, মালয়েশিয়া, মালদ্বীপ ও ভুটানে নির্দিষ্ট সম্প্রচার অংশীদার যুক্ত হয়েছে। ফলে নতুন এসব বাজারেও গ্লোবাল সুপার লিগের দর্শকসংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।
গ্লোবাল সুপার লিগের চেয়ারম্যান স্যার ক্লাইভ লয়েড বলেন, এবারের সম্প্রচার তালিকা টুর্নামেন্টটির বৈশ্বিক বিস্তৃতির প্রমাণ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো গুরুত্বপূর্ণ ক্রিকেট বাজারে বিদ্যমান অংশীদারত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন কয়েকটি দেশে প্রথমবারের মতো দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, ক্রিকেট একটি বৈশ্বিক খেলা। তাই বিশ্বের যেখানেই দর্শক থাকুন না কেন, তাদের কাছে গ্লোবাল সুপার লিগকে সহজে পৌঁছে দেওয়া এবং টুর্নামেন্ট উপভোগের সুযোগ নিশ্চিত করাই আয়োজকদের লক্ষ্য।
আয়োজকরা জানিয়েছেন, ২০২৬ সালের আসরে এখন পর্যন্ত ২০টিরও বেশি অঞ্চলে সম্প্রচার নিশ্চিত হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে আরও কয়েকটি সম্প্রচার অংশীদারের নাম ঘোষণা করা হতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available