স্পোর্টস ডেস্ক: চরম তাপপ্রবাহের সতর্কতার মধ্যে ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটি। ম্যাচের সময় তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বৈরী আবহাওয়ার মধ্যেও শুরু থেকেই বলের দখল নিয়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ফ্রান্স।
ফিলাডেলফিয়ায় বিশ্বকাপের শেষ ৩২- এর ম্যাচে দারুণ লড়াই শেষে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। অধিনায়কের একমাত্র গোলেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফরাসিরা।
এরপর ফ্রান্স ভক্তদের মনে প্রশ্ন, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে? সেই প্রশ্নের উত্তরও মিলেছে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আফ্রিকার দেশ মরক্কোর মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পেরা।
আগামী ৯ জুলাই দিবাগত রাত ২টায় ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের পর আবারও বড় মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। সেবার সেমিফাইনালে লড়েছিল তারা, এবার লড়াইটা কোয়ার্টার ফাইনালের।
ফিলাডেলফিয়ার প্রচণ্ড গরমে প্যারাগুয়ের রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে ফরাসিদের। তবে ম্যাচের শেষদিকে ডেজিরে দুয়ে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথার দারুণ এক স্পটকিকে গোল করে ফ্রান্সকে জয় এনে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই গোলটি চলতি বিশ্বকাপে তার সপ্তম গোল এবং সব মিলিয়ে বিশ্বকাপে ১৯তম। মেসির ২০ গোলের রেকর্ডের খুব কাছেই পৌঁছে গেছেন এই ফরাসি সুপারস্টার।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আগেই অপেক্ষায় ছিল মরক্কো। কানাডাকে ৩-০ গোলে হারিয়ে উড়ন্ত ছন্দে আছে আশরাফ হাকিমি-ব্রাহিম দিয়াজদের 'অ্যাটলাস লায়নরা'। এবারের বিশ্বকাপে আফ্রিকার একমাত্র দেশ হিসেবে একের পর এক চমক দেখিয়ে চলেছে তারা। টানা দ্বিতীয়বার সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে তারা মাঠে নামবে ফ্রান্সের বিপক্ষে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available