• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৫২:১০ (30-Jun-2026)
  • - ৩৩° সে:

নাটকীয় টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

৩০ জুন ২০২৬ দুপুর ১২:৩৫:২৬

নাটকীয় টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে প্রথমবারের মতো পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নাটকীয় লড়াই শেষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচের ফল ছিল ১-১ সমতা।

৩০ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের জয়ের নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক ওর্লান্দো হিল। টাইব্রেকারে জার্মানির প্রথম পাঁচ শটের মধ্যে দুটি রুখে দিয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি।

বিশ্বকাপে জার্মানির বিপক্ষে তিন দেখায় এটি প্যারাগুয়ের প্রথম জয়। একই সঙ্গে বিশ্বকাপে পাঁচবার টাইব্রেকারে অংশ নিয়ে এই প্রথম পরাজয়ের স্বাদ পেল জার্মানি। অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের দুই টাইব্রেকারেই জয়ী হলো প্যারাগুয়ে।

ম্যাচের প্রথমার্ধে বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণে কার্যকর হতে পারেনি জার্মানি। ৭৮ শতাংশ বলের নিয়ন্ত্রণ রেখে পাঁচটি শট নিলেও লক্ষ্যে রাখতে পারেনি একটিও। এরই মধ্যে ৪২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে হুলিও এন্সিসোর হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে।

দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের ক্রস থেকে দারুণ হেডে সমতা ফেরান কাই হাভার্টজ। এরপর দুই দলই আরও কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১০২তম মিনিটে জোনাথান তাহর হেডে বল জালে জড়ালেও ভিএআর পর্যালোচনার পর ফাউলের কারণে গোল বাতিল করেন রেফারি। ১১৯তম মিনিটে আবারও জার্মানিকে হতাশ করেন গোলরক্ষক ওর্লান্দো হিল।

টাইব্রেকারে শুরুতেই হাভার্টজের শট ঠেকিয়ে দেন হিল। পরে জার্মানির চতুর্থ শটেও নিক ভল্টেমাডেকে হতাশ করেন তিনি। যদিও প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া ও ফাবিয়ান বালবুয়েনা নিজেদের শট কাজে লাগাতে পারেননি, তবু সাডেন ডেথে জোনাথান তাহ শট বাইরে মারার পর হোসে কানালে সফল স্পটে কিক নিয়ে প্যারাগুয়ের জয় নিশ্চিত করেন।

২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নেমেই বড় চমক দেখাল প্যারাগুয়ে। কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা সুইডেন।

অন্যদিকে, ২০১৪ সালের শিরোপা জয়ের পর এবারই প্রথম নকআউটে উঠেছিল জার্মানি। তবে ইউলিয়ান নাগেলসমানের দল শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us