অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতা জোরদার, জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক বহুমুখীকরণসহ নানা বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
২৭ নভেম্বর শুক্রবার জার্মানির বার্লিনে দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ইয়োহান সাতহফের সঙ্গে এক বৈঠকে এসব বিষয় নিয়ে কথা বলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয় এবং এ বিষয়ে সরকার-টু-সরকার (জিটুজি) আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। এ ছাড়া জলবায়ু কার্যক্রম, কপ-৩১, জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট, এ বিষয়ে অর্থায়নের ঘাটতি, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং রপ্তানি পণ্যের ঝুড়ি সম্প্রসারণসহ অর্থনৈতিক বহুমুখীকরণের বিষয়ও আলোচনায় স্থান পায়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এর মধ্যে সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) উদ্যোগ, শিক্ষা ও নারীদের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং শিশুদের জন্য ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, ইয়োহান সাতহফ বাংলাদেশে তার সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) পরিদর্শনের কথা স্মরণ করেন তিনি।
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন কার্যক্রমে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন জার্মানির এই কর্মকর্তা।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available