এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক: ফিলাডেলফিয়ার তীব্র গরমে কঠিন লড়াইয়ের পর কিলিয়ান এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স।লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বজ্রঝড়ের শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরো ম্যাচজুড়ে প্যারাগুয়ে রক্ষণাত্মক কৌশল নিয়ে খেললেও শেষ পর্যন্ত এমবাপের পেনাল্টি গোলেই তাদের বিদায় নিশ্চিত হয়।শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে দিদিয়ের দেশমের দল। তবে সংগঠিত রক্ষণে দীর্ঘ সময় ফরাসিদের আটকে রাখে প্যারাগুয়ে। আক্রমণ ঠেকাতে একাধিক কঠোর ট্যাকল ও ফাউলের আশ্রয়ও নেয় লাতিন আমেরিকার দলটি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।ম্যাচের ৬১তম মিনিটে ব্র্যাডলি বারকোলার পরিবর্তে দেজিরে দুয়েকে মাঠে নামান দেশম। বদলি হিসেবে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড। ৭০তম মিনিটে বক্সের ভেতরে তার ড্রিবলিং থামাতে গিয়ে প্যারাগুয়ের ডিফেন্ডাররা ফাউল করলে প্রথমে খেলা চালিয়ে যেতে দেন রেফারি। পরে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়।স্পটকিক থেকে ধীরস্থির রান-আপে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। সেটিই শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল হয়ে থাকে।এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম গোল করেন এমবাপে, যা তাকে লিওনেল মেসির সমতায় নিয়ে গেছে। পাশাপাশি বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি এখন মেসির (২০) থেকে মাত্র এক গোল পিছিয়ে।দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স। এমবাপের একক প্রচেষ্টার একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মানু কোনের কর্নার থেকে নেওয়া দুর্দান্ত শট এবং যোগ করা সময়ে এমবাপের আরও দুটি শক্তিশালী প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। তবে তার দুর্দান্ত নৈপুণ্যও দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি।২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এমবাপে আবারও বড় মঞ্চে নিজের গুরুত্ব প্রমাণ করলেন। শেষ চারের টিকিটের লড়াইয়ে আগামী ১০ জুলাই মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স।সূত্র: রয়টার্স