• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৪৭:২৯ (08-Jul-2026)
  • - ৩৩° সে:

টানা বৃষ্টিতে ময়মনসিংহে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

৮ জুলাই ২০২৬ সকাল ১১:৩৪:৩৭

টানা বৃষ্টিতে ময়মনসিংহে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

ময়মনসিংহ প্রতিনিধি: টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। ৮ জুলাই বুধবার সকাল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিপাতে নগরীর সড়ক, অলিগলি ও বাসাবাড়িতে পানি জমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।

নগরীর আকুয়া, মাসকান্দা, চরপাড়া, কাচিঝুলি, শম্ভুগঞ্জ, সানকীপাড়া, নতুন বাজার ও গাঙ্গিনাপাড়সহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে থাকার খবর পাওয়া গেছে। অনেক বাসাবাড়ির নিচতলায় পানি প্রবেশ করায় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। কোথাও কোথাও ড্রেন উপচে সড়কে পানি ছড়িয়ে পড়ায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

জলাবদ্ধতার কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। যানবাহন ধীরগতিতে চলাচল করায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজট। বৃষ্টির মধ্যেই জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে পড়তে হচ্ছে বাড়তি দুর্ভোগে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনে ময়লা-আবর্জনা জমে থাকা এবং পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে।

নগরবাসীর দাবি, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নিতে হবে। অন্যথায় অল্প বৃষ্টিতেই নগরবাসীকে বারবার একই দুর্ভোগ পোহাতে হবে।

এদিকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃষ্টি আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us