ডেস্ক রিপোর্ট: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জনকে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
১০ জুলাই শুক্রবার সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে।
সেনাবাহিনী জানায়, টানা ভারী বৃষ্টি, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেকে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। এর আগে ৯ জুলাই বৃহস্পতিবার প্রথম দফায় ১৫০ জন পর্যটককে নিরাপদে খাগড়াছড়ির পথে পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর নিরাপত্তা এসকর্টে সাজেক ত্যাগ করেন। অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে বাঘাইহাট জোন।
এর আগে গত ৭ জুলাই মঙ্গলবার টানা বর্ষণ, ভূমিধস এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিধস ও পাহাড়ধসের ঝুঁকি এবং যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত কার্যকরের পর নতুন কোনো পর্যটককে সাজেকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে ঘোষণার আগে সেখানে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী পর্যায়ক্রমে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available