• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৫০:৩০ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ব্যর্থতার দায় নিতে চাই না, আবার ব্যর্থও হতে চাই না: জামায়াত আমির

১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪১:৩৭

ব্যর্থতার দায় নিতে চাই না, আবার ব্যর্থও হতে চাই না: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারকে এর সম্পূর্ণ দায় নেওয়ার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায়ও নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরা বসে থাকব না।’

১০ নভেম্বর মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতার ঘটনা তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির বলেন, গত কয়েক দিন ধরে আর্মি গলফ ক্লাব, এসবির সদর দফতরের সামনে, থানার গেটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন এমন ঘটনা ঘটেছে, সর্বশেষ ঘটনায় আহত হয়েছেন দুজন। এ ছাড়া পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে অভিযান চালাতে গিয়ে এক তরুণ সেনাসদস্যের প্রাণহানি, সাজেক ভ্যালিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হামলা ন্যক্কারজনক: রাশেদ খান

সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটতরাজ এবং বিভিন্ন স্থানে বিরোধী দলের কর্মীদের ওপর হামলার অভিযোগও করেন ডা. শফিকুর রহমান। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাদের গ্রেফতার করেছে, সে বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই বলে দাবি করেন তিনি। বরং কয়েকজনকে সাধারণ মানুষ ধরে বাহিনীর হাতে তুলে দিয়েছে বলে উল্লেখ করেন।

বিজিবি, এসআরবি, এপিবিএন, পুলিশ ও আনসার ব্যাটালিয়নসহ একাধিক বাহিনী থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, সেই প্রশ্ন তোলেন জামায়াত আমির। তার অভিযোগ, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য আশা করলেও অধিবেশনের প্রথম দুই দিনেও তা পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে একজন প্রতিমন্ত্রীর আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তার দাবি, ওই প্রতিমন্ত্রী বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোন করে প্রশ্ন করেন, ‘আমরা তো অনেক কিছু করছি, আপনারা কী করছেন বসে বসে? আছেন কেন আপনারা?’ নির্বাচিত একজন সংসদ সদস্যের সঙ্গে এ ধরনের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন

সারাদেশের সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় সংকটে বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আগ্রহ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, অতীতে অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন সংকটে বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একসঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে অভিন্ন বার্তা দেওয়ার নজির রয়েছে। বর্তমান সরকার একাই পরিস্থিতি সামাল দিতে চাইলে তা করতে পারে। তবে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তা স্পষ্টভাবে জানাতে হবে। সরকার সহযোগিতা চাইলে তারা আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবেন বলেও জানান তিনি।

বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন এবং সরকারি দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকারের কোনো উপদেষ্টা কখনো আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব বলে মন্তব্য করছেন, আবার কয়েক দিন পর বলছেন, তা অসম্ভব। একইভাবে কোনো নির্বাচিত সংসদ সদস্য প্রকাশ্যে আওয়ামী লীগকে ধন্যবাদ জানালে জনমনে কী বার্তা যায়, সেই প্রশ্নও তোলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদকে হটাতে দেশের মানুষ জীবন ও রক্ত দিয়েছে। সেই ফ্যাসিবাদের ‘প্রেতাত্মা’ সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করবে, আর দায়িত্বশীল ব্যক্তিরা একেক সময় একেক ধরনের বক্তব্য দেবেন— এটি গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

লীগকে আর কোনো ছাড় নয়: আব্দুল কাদের

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তার বক্তব্য, গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, অথচ বিরোধী দলের সদস্যদের নাজেহাল করতে গোয়েন্দা সদস্যদের তৎপরতার অভিযোগ উঠছে।

সংসদে এক সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি জানান, একটি গোয়েন্দা দফতর থেকে এক নেতাকে ফোন করে জামায়াত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ফোনটি ভুয়া নাকি সত্য, তা তদন্ত করে দেখতে সংশ্লিষ্ট নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তবে কোনো গোয়েন্দা সদস্যের এমন কথা বলার অধিকার আছে কি না, সেই প্রশ্নও তোলেন জামায়াত আমির।

তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনও তাজা আমাদের চোখের সামনে। এই ভাসমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আর সুযোগ করে দেওয়া যাবে না।’

আরও পড়ুন

তারেক রহমানের সরকার জনগণের কাছে ‘গ্রিন সরকার’ হিসেবে সমাদৃত: রিজভী

বক্তব্যের শেষাংশে স্পিকারের মাধ্যমে সরকারের কাছে প্রতিকার, স্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান উদ্যোগ দাবি করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার ব্যর্থ হলে বিরোধী দল নিজেদের দায়িত্ব পালন করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮