• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ১০:১০:২৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের কাজ শুরু শিগগিরই: ক্রীড়া প্রতিমন্ত্রী

১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৫:২৮

দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের কাজ শুরু শিগগিরই: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারসহ ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীতের গৌরবোজ্জ্বল অবদান এবং কৃতি ফুটবলারদের স্মৃতি স্মরণ করে তিনি এই অঞ্চলের হারানো ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী ঘোষণা দেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দূর করে সেখানে অতিদ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন

২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন বার্সার কুবারসি

ক্রীড়াবিদদের সামাজিক ও পেশাগত নিরাপত্তার বিষয়ে কঠোর অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এতদিন ধরে সমাজ কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা প্রথাগত সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা লালন করলেও, এখন খেলাধুলাকেও একটি টেকসই ক্যারিয়ার হিসেবে গ্রহণ করার উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে।

ইতোমধ্যে পেশাদার খেলোয়াড়দের সরকারিভাবে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আওতায় দেশের তিন শতাধিক জাতীয় পর্যায়ের কৃতি ক্রীড়াবিদকে আনা হয়েছে। খেলোয়াড়রা যেন ক্রীড়াজীবন শেষে ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়েন, সেজন্য তাদের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।

তৃণমূলের মেধা ও প্রতিভাকে তুলে আনার প্রক্রিয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করা ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার ও দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।

আরও পড়ুন

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই

সমাজকে সুশৃঙ্খল এবং মাদকমুক্ত রাখার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং পেশাদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে একে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিলে সমাজ থেকে সকল অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামে সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারি টিপু, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক। এসময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে হারিয়ে রানীনগর উপজেলা বিজয়ী হয়।

আরও পড়ুন

টিভিতে আজকের খেলা (৯ নভেম্বর)

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮