• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৩:৪৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার

১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৭:০৭

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেকের কার্বারী নতুন জয় চাকমা। একই সঙ্গে সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ এবং সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি।

১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এক লিখিত বক্তব্যে নতুন জয় চাকমা এসব ঘোষণা দেন। তার এ ঘোষণায় সাজেকের চলমান অবরোধ পরিস্থিতি ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

লিখিত বক্তব্যে নতুন জয় চাকমা অভিযোগ করেন, সাজেক অবরোধকে কেন্দ্র করে ইউপিডিএফের উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিনের জনস্বার্থবিরোধী অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরের এলাকার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ, খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুন

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

তিনি আরও অভিযোগ করেন, ইউপিডিএফের দলীয় স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করতে মৃত্যুর হুমকি দেওয়া হতো। অনেককে ইচ্ছার বিরুদ্ধে কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হয়েছে। বিশেষ করে চলমান অবরোধের পক্ষে সাধারণ মানুষকে মাঠে নামানোর প্রবণতা তাকে উদ্বিগ্ন করেছে বলে উল্লেখ করেন তিনি।

নতুন জয় চাকমার দাবি, ‘সাজেক কার্বারী এসোসিয়েশন’ নামে সংগঠন গঠন ও পরিচালনার দায়িত্ব ইউপিডিএফ তাঁকে দিয়েছিল। এমনকি তাঁর অজ্ঞাতসারেই বিভিন্ন সময়ে তাঁর নামে বিবৃতি প্রকাশ করা হয়েছে। একইভাবে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ নামের সংগঠনটিও ইউপিডিএফ নিজেদের দলীয় স্বার্থে গঠন করেছে বলে অভিযোগ করেন তিনি।

নিজেকে একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষায় দায়িত্বশীল উল্লেখ করে নতুন জয় চাকমা জানান, পরিস্থিতির কারণে তাকে নিজের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে হয়েছে। সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ বিবেচনায় তিনি এসব বিষয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ আ.লীগ নেতাসহ কর্মী গ্রেফতার

বক্তব্যের শেষাংশে তিনি আনুষ্ঠানিকভাবে তিনটি সিদ্ধান্তের কথা জানান। সেগুলো হলো; সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ, সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা এবং অনির্দিষ্টকালের জন্য ঘোষিত সড়ক অবরোধ প্রত্যাহার।

নতুন জয় চাকমা বলেন, তার এই অবস্থান কোনো ব্যক্তিগত প্রতিশোধ বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়; বরং সাজেকের সাধারণ মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে। জীবনের ঝুঁকি থাকলেও এলাকার মানুষের বৃহত্তর কল্যাণে সত্য প্রকাশ ও ন্যায়সংগত অবস্থান থেকে পিছপা হবেন না বলেও উল্লেখ করেন তিনি।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮