অনলাইন ডেস্ক: স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনের পরিবর্তে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে এবং দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
১২ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
আব্দুস সালাম বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে দেশের মানুষের প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সেই পথে না হেঁটে গণতন্ত্র হত্যা করেছে। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এমনকি দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে মারা গেছে। ঢাকার রাজপথে বেওয়ারিশ লাশ পড়ে থাকতে দেখা গেছে। যাদের দাফন করার মতো কেউ ছিল না। সে সময় অঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের মাধ্যমে পরিচিতি লাভ করে।
তিনি বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও দুঃসময়ে বিএনপি মানুষের পাশে ছিল। এ কারণেই দেশের মানুষও বিএনপির পাশে দাঁড়িয়েছে। মানুষ বিশ্বাস করে, একমাত্র বিএনপিই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে পারে।
আব্দুস সালাম বলেন, গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণ করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতি বা সন্ত্রাসের পক্ষে অবস্থান নেয়নি। বিএনপির ওপর দীর্ঘ ১৭ বছর অত্যাচার-নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটলেও দলটি কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি। জনগণের পাশে থেকে আন্দোলন করেছে এবং জনমত গড়ে তুলেছে। শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।
তিনি বলেন, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই-এমন স্লোগান একসময় বিএনপিও দিয়েছে। কিন্তু তারেক রহমানের হাতে কি আলাদিনের চেরাগ আছে যে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে? এসব সমস্যার সমাধানে সময় প্রয়োজন। অথচ দেশকে অস্থিতিশীল করার কর্মসূচি দিয়ে ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন, তাদের ধৈর্য ধরতে হবে। গণতন্ত্রে বিশ্বাস করলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পরের নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, তারিকুল ইসলাম মধু, কবির উদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, কাজী কামাল উদ্দিন আহমেদ, বাঁধন মিয়া ও জহিরুল ইসলাম বাশার।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক মোল্লা, মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, সাবেক কেন্দ্রীয় সদস্য শেখ তাওলাত হোসেন, মাহবুব আলম সিকদার, ইব্রাহিম চৌধুরী, জাহিদুল আলম মিলন, গোলাম মর্তুজা, কেন্দ্রীয় নেতা ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, ড. আসমা শহিদ, মহানগর উত্তরের আশরাফুল ইসলাম ও দক্ষিণের হাজী ইব্রাহিম খলিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available