আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নীরবে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ভারত। রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগের পাশাপাশি যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করছে নয়াদিল্লি। চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় বৈঠকের মধ্যেই ভারতের এই তৎপরতা নতুন গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি। এর আগের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলেন।
ভারতের এই কূটনৈতিক উদ্যোগের অন্যতম লক্ষ্য যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কমানো। পাশাপাশি কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি ও শস্য রপ্তানি নিয়ে উদ্বেগ দূর করতেও কাজ করছে দেশটি। একই সঙ্গে কীভাবে সংঘাতের অবসান ঘটানো যায়, তা নিয়েও আলোচনা চলছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ভারতের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই ইতিবাচকভাবে গ্রহণ করেছিল।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মস্কোর সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যদিকে কিয়েভের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে ভারত।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, আরব দেশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারতের কার্যকর কূটনৈতিক সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি হলেও দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available