ডেস্ক রিপোর্ট: আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদে উদ্যাপন নিশ্চিত করতে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর ভূমিকা পালন করবেন বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে তাঁরা এ দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
১০ অক্টোবর শনিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রিজভী বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সারা দেশে নির্বিঘ্নে ও নিরাপদে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন এবং উৎসবে অংশ নিয়ে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেন, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতাকর্মীরা কীভাবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন, সে বিষয়েও আলোচনা হয়।
তিনি বলেন, নেতাকর্মীরা ঘুমহীন প্রহরীর মতো প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে করণীয় এবং ইতোমধ্যে নেওয়া পদক্ষেপগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, দেশের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল নানা ধরনের ষড়যন্ত্র ও নীলনকশা করছে। তবে দক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনার মাধ্যমে সরকার এসব অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ক্ষেত্রে দলের নেতাকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
রিজভী জানান, দুর্গাপূজা পর্যবেক্ষণে বিএনপি ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। শুক্রবার খায়রুল কবির খোকন ও ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে আগেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপি অত্যন্ত সচেতন এবং দলের নেতারা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন।
বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যতে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available