• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৩৬:৫৪ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

রাড্ডার জমি দখলে ‘এমপি-পুলিশের নেক্সাস’: হাসনাত আবদুল্লাহ

২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৩:৩০

রাড্ডার জমি দখলে ‘এমপি-পুলিশের নেক্সাস’: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের প্রায় ১০ কাঠা জমি দখলকে কেন্দ্র করে ‘পুলিশ, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের নেক্সাস’-এর অভিযোগ তুলেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, গত বৃহস্পতিবার রাতে রাড্ডা হাসপাতালে হামলা ও জমি দখলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

২৬ সেপ্টেম্বর শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে এসব অভিযোগ ও প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ।

পোস্টে তিনি দাবি করেন, বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির অনুসারী ও উত্তর মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ প্রায় ২০০ থেকে ২৫০ জন লোক নিয়ে রাড্ডা হাসপাতালে হামলা চালান।

হামলার সময় পুলিশের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তাঁর দাবি, টেলিভিশনের প্রতিবেদনে দেখা গেছে, ঘটনার সময় হাসপাতালের সামনে পুলিশের দুটি গাড়ি ছিল। হামলা শুরু হলে পুলিশ সেখান থেকে সরে যায়।

মিরপুরের পুলিশের উপকমিশনারের বক্তব্যের প্রসঙ্গ তুলে হাসনাত বলেন, এ বিষয়ে উপকমিশনার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করেছিলেন। ওই কর্মকর্তা তাঁকে জানান, একটি পক্ষের কাছে জমির মালিকানার কাগজপত্র রয়েছে। পরে ওই ব্যক্তিকে উপকমিশনারের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেওয়া হয়।

হাসনাতের ভাষ্য, এর অর্থ হামলা করতে যাওয়া ব্যক্তিদের কেউ থানায় ছিলেন অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে ছিলেন।

জমিটির মালিকানা ও দীর্ঘদিনের আইনি বিরোধের বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের আগে জমিটি বিহারিদের সম্পত্তি ছিল। মুক্তিযুদ্ধের পর এটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানায় যায়। পরে গৃহায়ন কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবহারের জন্য জমিটি দেয়। ১৯৭৪ সাল থেকে সেখানে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হয়ে আসছে।

হাসনাতের দাবি, ২০০৬ সালে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠান গৃহায়ন কর্তৃপক্ষের কাছ থেকে জমিটি লিজ নেয়। এ নিয়ে রাড্ডা হাইকোর্টে একটি রিট দায়ের করে, যা এখনো চলমান। অন্যদিকে আওয়ামী লীগের এক নেতা জমিটিকে পারিবারিক সম্পত্তি দাবি করে মামলা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা ৫ আগস্টের পর থেকে পলাতক।

পোস্টে হাসনাত আরও দাবি করেন, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি’ও দুই পক্ষের। তাঁর অভিযোগ, দুই পক্ষই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট এবং দখলদার পক্ষটির সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতা রয়েছে।

হাসনাতের পোস্ট অনুযায়ী, ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক বিএনপি কাউন্সিলর প্রয়াত সাঈদুর রহমান নিউটনের স্ত্রী ও বিএনপি নেতা নাসিরুদ্দিন পিন্টুর বোন।

জমির মালিকানা নিয়ে আদালতে মামলা ও রিট চলমান থাকার বিষয়টি উল্লেখ করে হাসনাত প্রশ্ন তোলেন, কোনো পক্ষ কীভাবে শত শত লোক নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দখল বুঝে নিতে পারে।

তিনি আরও প্রশ্ন করেন, পুলিশের উপস্থিতিতে কীভাবে এমন হামলা হলো এবং পুলিশ কেন ঘটনাস্থল থেকে সরে গেল। জমি দখল করতে আসা ব্যক্তিদের কাছে কাগজপত্র থাকার দাবি চলমান আইনি বিরোধের মধ্যে তাদের নিজেদের উদ্যোগে সম্পত্তি দখলের অধিকার দেয় কি না—এ প্রশ্নও তোলেন তিনি।

ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে হাসনাত দাবি করেন, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি’ দখলের দৃশ্যমান একটি ব্যানার মাত্র। তাঁর অভিযোগ, এর আড়ালে সরকারি সংসদ সদস্য, পুলিশ ও রাজনৈতিক দলের মাধ্যমে মিরপুর-১-এর ১০ কাঠা জমির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, ১০ কাঠা জমিটির বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৫০ থেকে ১০০ কোটি টাকা।

হাসনাত বলেন, বিষয়টি শুধু রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা বা জমি দখলের মধ্যে সীমাবদ্ধ নয়। ১৯৭৪ সাল থেকে যে জায়গায় একটি স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হয়ে আসছে এবং যার মালিকানা ও লিজ নিয়ে আদালতে মামলা চলমান, সেটি রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির মাধ্যমে দখল হয়ে যাবে কি না—প্রশ্নটি সেখানেও।

সবশেষে হাসনাত আবদুল্লাহ বলেন, যদি সত্যিই পুরো প্রক্রিয়ার সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব ও পুলিশের যোগসূত্র থাকে, তাহলে এটি শুধু একটি জমি দখলের ঘটনা নয়; বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন ও প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাবের একটি ‘নগ্ন উদাহরণ’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এটাই আমার শেষ বিশ্বকাপ: কোহলি
এটাই আমার শেষ বিশ্বকাপ: কোহলি
২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:১৬





আজ বিশ্ব পর্যটন দিবস
আজ বিশ্ব পর্যটন দিবস
২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৯:১৫