খাগড়াছড়ি প্রতিনিধি: নেতৃত্বে পরিবর্তন এসেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গণতান্ত্রিক অংশে। সংগঠনটির চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে নতুন ১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সমীরণ চাকমা চার্মীংকে সভাপতি এবং অমর জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আজ ১৬ নভেম্বর সোমবার সকালে খাগড়াছড়ি শহরের মধুপুরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কমিটির ঘোষণা দেন নেতারা।
নতুন কমিটিতে দীপন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে আরও ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি সমীরণ চাকমা চার্মীং, সাধারণ সম্পাদক অমর জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক দীপন চাকমা, কেন্দ্রীয় যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা ও সাধারণ সম্পাদক বাবু চাকমাসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী শান্তি নিশ্চিত করতে কাজ করছে তাদের সংগঠন। পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং মানুষের কল্যাণে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিকে ‘আপস চুক্তি’ আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠন করা হয়। পরবর্তী সময়ে অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে সংগঠনটি বিভক্ত হয়ে পড়ে। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) আত্মপ্রকাশ করে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available