• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৬:১৯ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

সৌরবিদ্যুতে ডাক বিভাগের ১৪ কেন্দ্রে সাশ্রয় প্রায় ১৩ লাখ টাকা

১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৬:৩৬

সৌরবিদ্যুতে ডাক বিভাগের ১৪ কেন্দ্রে সাশ্রয় প্রায় ১৩ লাখ টাকা
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে কেন্দ্রগুলোর বিদ্যুৎ বিল যেখানে প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা হতো, সেখানে নেট মিটারিংয়ের সুবিধায় প্রকৃত বিল দাঁড়িয়েছে ৭ লাখ ৯৪ হাজার টাকায়। এতে সম্ভাব্য ব্যয়ের ৬১ দশমিক ৯৩ শতাংশ সাশ্রয় হয়েছে।

ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত এই সাশ্রয় হয়েছে। কেন্দ্রগুলোতে উৎপাদিত সৌরবিদ্যুতের একটি অংশ নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হচ্ছে। উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করায় বিদ্যুৎ বিলের সঙ্গে তা সমন্বয় হচ্ছে। খবর বাসসের।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরও পড়ুন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান

তিনি আরও বলেন, ‘নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

কাজী আসাদুল ইসলাম বলেন, আমাদের ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ শুধু পরিবেশের জন্য নয়, সরকারি অর্থ সাশ্রয়ের জন্যও কার্যকর।

মহাপরিচালক আরও বলেন, একটি সরকারি প্রতিষ্ঠান নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করছে, আবার উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছে। এটি অন্য সরকারি দপ্তরের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

আরও পড়ুন

আগামীকাল যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডাক অধিদপ্তরের হিসাবে, ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে এ সময়ে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হয়েছে। বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। অর্থাৎ উৎপাদিত সৌরবিদ্যুতের প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রগুলো নিজেরা ব্যবহার করেছে এবং ৫৭ শতাংশ গ্রিডে যুক্ত করেছে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু থাকা কেন্দ্রগুলো হলো—তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ এমপিসি।

মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এসব কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৩৫ ধরনের আধুনিক আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে কেন্দ্রগুলো চালু করা হয়েছে। এই অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন নেট মিটারিং সুবিধাসহ সৌর প্যানেল।

আরও পড়ুন

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

ডাক অধিদপ্তর জানিয়েছে, জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ বিল সাশ্রয়ের লক্ষ্যেই কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোর সক্ষমতা আরও বাড়াতে ‘মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের টেকসই সহায়তা’ নামে একটি নতুন উন্নয়ন প্রকল্পও গ্রহণ করা হয়েছে।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রকে জাতীয় গ্রিড থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা হিসাবে এর বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা।

অন্যদিকে, সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে সমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃত প্রদেয় বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিট। এর বিপরীতে বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। ফলে বিদ্যুৎ বিল বাবদ সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা। অর্থাৎ সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে যে ব্যয় হতো, তার তুলনায় সাশ্রয়ের হার ৬১ দশমিক ৯৩ শতাংশ। এ হিসাবে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।

আরও পড়ুন

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

পরিবেশের জন্যও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে। দেশের গ্রিড বিদ্যুতের বড় অংশ জীবাশ্ম জ্বালানিনির্ভর। আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লো কার্বন পাওয়ারের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশের গ্রিডে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় ৫৮২ গ্রাম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। এই হার ধরে হিসাব করলে ১৪টি এমপিসির উৎপাদিত সৌরবিদ্যুৎ আনুমানিক ৫০ টন কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করেছে।

তবে সৌরবিদ্যুৎ উৎপাদন আবহাওয়ার ওপর নির্ভরশীল। বৃষ্টি ও ঘন কুয়াশার সময় উৎপাদন কমে যাওয়ায় কেন্দ্রগুলোকে তখন জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে কেন্দ্রগুলো গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বাসসকে বলেন, সৌরবিদ্যুৎ আবহাওয়ার ওপর নির্ভরশীল, তাই বৃষ্টি ও কুয়াশার দিনে আমাদের গ্রিডের বিদ্যুৎ নিতে হয়। তবুও উৎপাদিত বিদ্যুতের বড় অংশ গ্রিডে সরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে।

আরও পড়ুন

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী

তিনি বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে এই সাশ্রয় আরও বাড়বে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিটি দেশে নতুন হওয়ায় প্যানেল স্থাপনের পর সেগুলো চালু করতে সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিতে হয়েছে। স্থাপনের আগে এসব ছাড়পত্র নেওয়া সম্ভব হয়নি।

একই সঙ্গে নেট মিটারিং পদ্ধতি বিদ্যুৎ বিভাগের জন্যও নতুন হওয়ায় বিদ্যুতের হিসাবরক্ষণ ও জাতীয় গ্রিডের সঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া নির্ধারণে সময় লেগেছে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।

মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নতুন প্রযুক্তি হওয়ায় শুরুতে ছাড়পত্র ও আর্থিক সমন্বয়ের প্রক্রিয়ায় আমাদের কিছুটা সময় লেগেছে। এখন সেই পথ তৈরি হয়ে গেছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্য স্থাপনায় আরও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

দেশে জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেন। এর আওতায় বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়।

পরে ১০ আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেয়।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ৪১৮ দশমিক ১ মেগাওয়াট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও এ উদ্যোগ এগিয়ে চলছে। সম্প্রতি খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে এক মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন বিজ্ঞান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

এ সময় তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে অব্যবহৃত ছাদ ও অন্যান্য উপযোগী জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর আহ্বান জানান।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৯:০৮




বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪