• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৩৯:৫৯ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

২৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৯:৩৩

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের সড়ক যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে ঢাকা-চট্টগ্রাম সড়কের ২৩২ কিলোমিটার, রামপুরা-ডেমরা ১৩ কিলোমিটার, জয়দেবপুর-ময়মনসিংহ ৮৫ কিলোমিটার, গাবতলী-নবীনগর ২৪ কিলোমিটার এবং রংপুর-ভোগড়া সড়কের ২৬০ কিলোমিটার অংশ। পাশাপাশি সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, স্থলবন্দর ও সীমান্ত এলাকার সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে তৈরি অ্যাকশন ম্যাট্রিক্সে এসব পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। খবর বাসসের।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী

কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে। যানবাহনের চাপ, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় অগ্রাধিকার নির্ধারণ করা হবে। পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যও রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন

আগামী জুনে গন্ধর্বপুর পানি শোধনাগার থেকে ১৩ অঞ্চলে মিলবে বিশুদ্ধ পানি

মন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

জাতীয় মহাসড়কের পাশাপাশি গ্রামীণ সড়ক উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে। প্রথম ছয় মাসে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে দুর্বল যোগাযোগ থাকা এলাকাগুলো চিহ্নিত করা হবে। এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত সড়কগুলোর পাকাকরণ শুরু এবং পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ককে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ভারী যানবাহনের চাপে মহাসড়কের ক্ষতি কমাতে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হবে। প্রথম ছয় মাসে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন এবং এক বছরের মধ্যে নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

ঢাকাসহ সাত জেলায় ১১৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু ও ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ রয়েছে। প্রথম ছয় মাসে দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতুর (পাটুরিয়া-দৌলতদিয়া) সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এক বছরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘একটি কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, বরং পুরো করিডরের কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে হবে। কোথায় নতুন সড়ক প্রয়োজন, কোথায় বিদ্যমান মহাসড়ক সম্প্রসারণ করা সম্ভব এবং কোথায় নতুন সংযোগ সড়ক নির্মাণ করতে হবে, তা ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।’

তিনি বলেন, এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে সড়কের নকশা, নির্মাণমান, নিরাপত্তা, পানি নিষ্কাশন এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে।

পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, ‘দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে কোন রুটে কী পরিমাণ যানবাহন চলাচল করে এবং আগামী ২০ থেকে ৩০ বছরে পরিবহন চাহিদা কতটা বাড়তে পারে, তা বিবেচনায় নিতে হবে।’

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট-অর্থনৈতিক বিষয়ে জার্মানির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

তিনি আরও বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই যানজটের সমাধান হবে না। সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় থাকতে হবে। এক্সপ্রেসওয়ের পাশাপাশি সংযোগ সড়ক ও নিরাপদ প্রবেশ-বের হওয়ার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

সরকারের কর্মপরিকল্পনায় ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনার পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে উন্নত সড়ক যোগাযোগকে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচনা করা হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ