আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ভেঙে এগিয়ে যাচ্ছে ইরান—এমন দাবি করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, মার্কিন অবরোধ সত্ত্বেও ইরানের বন্দরগুলো সচল রয়েছে এবং দেশটির জাহাজগুলোকে নৌবাহিনীর নিরাপত্তা দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় ২৭ নভেম্বর শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাহরাম ইরানি বলেন, চলমান যুদ্ধের মধ্যে নৌ অবরোধ আরোপের কোনো যৌক্তিকতা নেই। তাঁর ভাষায়, যুদ্ধ শুরুর আগে এ ধরনের অবরোধ দেওয়া হয়। যুদ্ধ চলাকালে অবরোধ আরোপের অর্থ হলো, যুদ্ধ এরই মধ্যে হেরে যাওয়া।
সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুদ্ধের দ্বিতীয় দিনেই পরীক্ষামূলকভাবে প্রথমবার ব্যবহার করা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালায় ইরান। হামলায় আহতদের সরিয়ে নিতে রণতরিটি আঞ্চলিক দেশগুলোর সহায়তা চেয়েছিল বলেও দাবি করেন তিনি।
ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে তিনি বলেন, ‘যুদ্ধের দ্বিতীয় দিনেই আমরা শত্রুর ওপর প্রথম আঘাত হানি। প্রথমবার পরীক্ষামূলকভাবে ব্যবহার করা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালাই।’
তিনি আরো দাবি করেন, মার্কিন বাহিনীকে ইরানের জলসীমা থেকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। পারস্য উপসাগর, আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরে মার্কিন বাহিনীর অগ্রযাত্রাও আটকে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইরানের বন্দর সচল থাকার দাবি
ইরানের নৌবাহিনী প্রধান বলেন, দেশটির বন্দরগুলো এখনো সচল রয়েছে এবং জাহাজগুলোকে নৌবাহিনীর নিরাপত্তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘শত্রুর অবরোধ ভেঙে বেরিয়ে আসার কার্যক্রম চলছে এবং আমাদের বন্দরগুলো এখনো সচল রয়েছে।’
যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতির প্রাণপ্রবাহ বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া মার্কিন নৌবাহিনীর কাছ থেকে দুটি তেলবাহী ট্যাংকার পুনরুদ্ধারের দাবিও করেন ইরানি।
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি
বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালিয়ে অবকাঠামো এবং কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থার ব্যাপক ক্ষতি করার দাবি করেছেন শাহরাম ইরানি। তাঁর ভাষ্য, এ অভিযানে ইরানের সেনাবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী, বিমানবাহিনী ও স্থলবাহিনী অংশ নেয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি আরো দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সশস্ত্র বাহিনীকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে এখন থেকে ভৌগোলিক সীমাবদ্ধতা আর প্রযোজ্য হবে না।
অবরোধ অমান্য করায় জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের
এদিকে হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ইরানের বন্দর আব্বাস থেকে ছেড়ে আসা পালাউয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম/ভি প্যাসিফিক আর্চারকে ওমান উপসাগরে অচল করে দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
শুক্রবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, একাধিকবার সতর্ক করার পরও জাহাজটি অবরোধ অতিক্রমের চেষ্টা করে। পরে মার্কিন সামরিক বিমান থেকে নিক্ষেপ করা অস্ত্র জাহাজটির পেছনের অংশে আঘাত হানে। এতে এর চলাচলব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। তবে বেসামরিক নাবিকদের কেউ আহত হননি।
সেন্ট্রাল কমান্ডের দাবি, অবরোধ কার্যকরের পর ১৫৮টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে এবং অবরোধ অমান্য করায় ছয়টি জাহাজ অচল করা হয়েছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি, বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে ঘানাম দ্বীপের উত্তরে একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত হেনে বিস্ফোরিত হয়েছে। এ সময় অন্য একটি ট্যাংকারকে ফিরে যেতে বাধ্য করা হয় বলেও দাবি করেছে ইরান।
এ ছাড়া চলতি সপ্তাহের শুরুতে একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় উন্নত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা প্রদর্শন করেছে ইরান। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ব্যবস্থাটি একই সঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
তবে মার্কিন বিমানবাহী রণতরিতে হামলার ইরানি দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তাদের বক্তব্য, ইউএসএস আব্রাহাম লিংকন কখনো ইরানের হামলার শিকার হয়নি। ফলে এ বিষয়ে দুই দেশের বক্তব্য পরস্পরবিরোধী।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available