ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ সালের জুন থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করতে যাচ্ছে গন্ধর্বপুর পানি শোধনাগার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন এ শোধনাগারের প্রথম পর্যায়ের কার্যক্রম চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ মেঘনা নদীর শোধন করা পানি ব্যবহারের সুযোগ পাবেন।
যেসব অঞ্চলে এ পানি সরবরাহ করা হবে সেগুলো হলো- বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলী, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুরের আংশিক এলাকা, উত্তরা ও মিরপুর ডিওএইচএস। খবর বাসসের।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় নির্মাণাধীন এ শোধনাগারের প্রথম পর্যায়ের কাজ আগামী জুনের মধ্যে শেষ করে পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে।
প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ ইতোমধ্যে প্রায় ৯০ থেকে ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরুর পরিকল্পনা থাকলেও এখন আগামী বছরের জুনকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।
প্রথম পর্যায়ে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে একই পরিমাণ পানি যুক্ত হবে। দুই পর্যায় মিলিয়ে শোধনাগারটির দৈনিক পানি সরবরাহের সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার।
প্রকল্পটি চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের পানির চাহিদা পূরণের পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে কয়েকশ গভীর নলকূপ বন্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে ভূগর্ভস্থ পানির স্তরের ওপর চাপ কমবে এবং দীর্ঘমেয়াদি ও পরিবেশবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার পথ তৈরি হবে।
প্রকল্পসংশ্লিষ্টদের মতে, রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় বিকল্প পানির উৎস নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীতে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাসসকে বলেন, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। এর মধ্যে ভূগর্ভস্থ ও উপরিভাগ মিলিয়ে ওয়াসা সরবরাহ করে ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পর্যন্ত। প্রতিদিনই আমাদের কিছু ঘাটতি থেকে যায়।
তিনি আরও বলেন, এই ঘাটতি পূরণ এবং ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনা করে ইতোমধ্যেই গন্ধর্বপুর প্রকল্প গ্রহণ করা হয়েছে। শিগগির (নারায়ণগঞ্জের রূপগঞ্জে গন্ধর্বপুর পানি শোধনাগার) প্রকল্পটি চালু হবে।
প্রতিমন্ত্রী বলেন, এটি চালু হলে মেঘনা থেকে প্রতিদিন ঢাকায় আমরা ৫০ কোটি লিটার পানি পাব।
শাহে আলম আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি শহরের জন্য মাত্র ৩০ শতাংশ ভূগর্ভস্থ পানি উত্তোলন করা যাবে। সেখানে ঢাকা শহরে আমরা ৭৪ শতাংশ উত্তোলন করছি। আর উপরিভাগের পানি (সারফেস ওয়াটার) মাত্র ২৪ শতাংশ। এতে জলবায়ু পরিবর্তন ও আমাদের পরিবেশের ওপর বড় ধরনের আঘাত আনবে এবং এতে ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে।
এদিকে, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক দফায় নির্মাণাধীন শোধনাগারটি পরিদর্শন করেছেন। প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ বাসসকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করা হবে।
তিনি বলেন, এ প্রকল্প থেকে পানি সরবরাহ চালু হলে মহানগরীর পূর্বাঞ্চলের মানুষ সর্বাংশে উপকৃত হবে। সেই সাথে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ-বান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার যে লক্ষ্য ঢাকা ওয়াসা নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব হবে।
এ শোধনাগার চালু হলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বাসসকে বলেন, আগামী জুনে অর্থাৎ ২০২৭ সালের মাঝামাঝি এই প্রকল্প শেষ হবে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ৯০ শতাংশ কাজ শেষ। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পের কাজ সরকার দ্রুততার সাথে শেষ করছে।
প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায় চালু হলে প্রতিদিন মোট ১০০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা সম্ভব হবে। সংশ্লিষ্টদের আশা, গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available