• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২০:৩৫ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

সরকারের বড় সাফল্য, বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন সহস্রাধিক কর্মী

২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৪২

সরকারের বড় সাফল্য, বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন সহস্রাধিক কর্মী
মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল কূটনৈতিক উদ্যোগে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। এর ফলে দেশটিতে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে ১ হাজার ৪৮ জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। 

সরকারের এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রথম দফায় নির্বাচিত ১১২ জন কর্মী ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন। যাত্রার পূর্বে বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে, দুই দেশের এই কূটনৈতিক অগ্রগতির ধারাবাহিকতায় আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই সফরে শ্রমবাজারের স্থিতিশীলতা, প্রবাসী কর্মীদের কল্যাণ, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

আরও পড়ুন

৮ হাজার ১০ কোটি টাকার জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে ১ হাজার জনের বিশেষ কোটা রাখা হয়েছে বিগত সময়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদের জন্য।

সফল কূটনীতিতে খুলল শ্রমবাজার

নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং সিন্ডিকেটের অভিযোগে ২০২৪ সালের ১ জুনের পর থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী প্রবেশ কার্যত বন্ধ ছিল। এতে বিদেশগামী হাজারো কর্মী অনিশ্চয়তায় পড়েন। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর এবং দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনায় শ্রমবাজার পুনরায় চালু ও নিরাপদ অভিবাসনের বিষয়টি নতুন গতি পায়। এর ফলশ্রুতিতেই সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী প্রেরণের এই দুয়ার উন্মুক্ত হলো।

আরও পড়ুন

দক্ষ ও কার্যকর সংসদ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের

নতুন এই উদ্যোগের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো, বিদেশযাত্রার জন্য কর্মীদের কোনো অর্থই খরচ করতে হচ্ছে না। এছাড়া, অতীতে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবারের নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। সরকারি এই কর্মসূচিতে অংশ নিতে অনলাইনে আবেদন করেন ৪ হাজার ৩৯ জন প্রার্থী। তাদের মধ্য থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরবর্তীতে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়।

প্রথম ফ্লাইটে যাওয়া ১১২ জন কর্মী মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’-তে কাজের সুযোগ পেয়েছেন। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ থেকে ৫০ হাজার টাকা। মূল বেতনের পাশাপাশি আবাসন, চিকিৎসা ও যাতায়াত সুবিধাও সম্পূর্ণ বিনামূল্যে দেবে নিয়োগকর্তা প্রতিষ্ঠান।

আরও ৯৩৬ কর্মী যাওয়ার অপেক্ষায়

আরও পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

জানা গেছে, মালয়েশিয়ার মোট চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদাপত্র পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন ছাড়াও ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন, টপ গ্লোভে ৩৭৯ জন এবং তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। প্রথম দফার ১১২ জনের পর বাকি ৯৩৬ জন কর্মীও পর্যায়ক্রমে একই প্রক্রিয়ায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্য এবং সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিরাপদ শ্রম অভিবাসনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী ৭ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে এই শ্রম সহযোগিতা আরও সুসংহত হলে দেশের অর্থনীতি ও রেমিট্যান্স প্রবাহে তা বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৩৩




দাম বাড়লো সয়াবিন তেলের
দাম বাড়লো সয়াবিন তেলের
২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:১২