সরকারের বদনাম হবে এমন সুবিধা দলীয় নেতাকর্মীদের দেওয়া হবে না: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক: সরকারি দফতর ও উন্নয়ন প্রকল্পে কোনো দলীয় সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো সুবিধা দলীয় নেতাকর্মীদের দেওয়া হবে না।১০ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি চাঁদাবাজি করে ব্যক্তিগতভাবে লাভবান হতে পারেন, কিন্তু তার কর্মকাণ্ডের দায় সরকার নেবে না। সম্প্রতি বরিশালে দলীয় পরিচয় ব্যবহার করে অনিয়মের অভিযোগে একজনকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। অপরাধী যে দলেরই হোক না কেন, তার পরিচয় অপরাধী হিসেবেই বিবেচিত হবে।তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন অতীতে অন্যরা লুটপাট করেছে, তাই এখন সেই জায়গা দখল করবেন এ ধরনের ধারণা সম্পূর্ণ ভুল। কোনো অনিয়ম বা দুর্নীতিকে সরকার প্রশ্রয় দেবে না।শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে ৫০ শয্যার এ হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এলাকার মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।