ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তাঁর জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, কর্মময় অভিজ্ঞতা এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ ডিসেম্বর ২০২৬, সোমবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা স্মরণসভায় অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে লেখার জন্য মোট ১২টি বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; দলনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর ভূমিকা; অর্থনৈতিক দর্শন; নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; তাঁর সঙ্গে প্রত্যক্ষ স্মৃতিচারণ ও জীবনের অজানা অধ্যায়; সরকার, প্রশাসন, সুশাসন ও দায়িত্ব; জীবনের শেষ সময়ের অভিজ্ঞতা এবং তাঁর ব্যক্তিত্ব, রুচিবোধ ও মানবিক গুণাবলি।
সংবাদ বিজ্ঞপ্তিতে লেখার ক্ষেত্রে কয়েকটি শর্তও উল্লেখ করা হয়েছে। প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা অবশ্যই মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। নির্ধারিত বিষয়গুলোর আলোকে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি, গবেষণা, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরার সুযোগ থাকবে। তবে স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে।
আগ্রহীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে ই-মেইলে লেখা পাঠাতে বলা হয়েছে। লেখার ঠিকানা: nagorikshoronshova@gmail.com।
এদিকে বেগম খালেদা জিয়ার কর্মময় ও সংগ্রামী রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান প্রামাণ্যভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁর জীবন ও রাজনৈতিক ভূমিকার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল তৈরি হবে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available