• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৩১:১৫ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৮:৫০

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৩ নভেম্বর শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান।

বিকেল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সেখানে বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল তাঁকে বিদায় জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

আরও পড়ুন

হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের প্রতিনিধি দল

সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন। গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তিনি আন্তালিয়ায় পৌঁছান। বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে নুসরাতের ক্ষোভ, বললেন, ‘কেন এই হামলাকে লঘু করতে চাইলেন’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও আলোচনায় স্থান পায়। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রম, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন তারেক রহমান। এ সময় উজবেক প্রেসিডেন্ট তাঁকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী বছরের শুরুতে সফরের আশা প্রকাশ করেন।

বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় আইজিপির

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়।

এদিকে, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা বিষয়ক একটি পার্শ্ব-আয়োজনে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন। এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান কপ-৩১-এ অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে অংশ নেন।

এ ছাড়া ডা. জুবাইদা রহমান আন্তালিয়ায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের সম্মানে এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজেও অংশ নেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪