• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪১:৪৭ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

জলবায়ু সম্মেলনে ৪৮০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি

১৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৯:১৮

জলবায়ু সম্মেলনে ৪৮০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের গতি কমাতে মিথেনসহ অন্যান্য অতি-দূষণকারী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে নতুন করে ৪৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি এসেছে। জ্বালানি, কৃষি ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে এসব গ্যাসের নিঃসরণ কমাতে এ অর্থ ব্যয় করা হবে। জাতিসংঘের জলবায়ুবিষয়ক কর্মকর্তারা বলছেন, অতি-দূষণকারী গ্যাস নিয়ন্ত্রণে প্রতি এক ডলার বিনিয়োগে ১৫ ডলারের অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর রাষ্ট্র ও সরকারপ্রধানদের উচ্চপর্যায়ের অধিবেশনে অ-কার্বন ডাই-অক্সাইড গ্রিনহাউস গ্যাসবিষয়ক সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। গত ১২ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থা এবং দাতব্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মিথেনসহ অন্যান্য অতি-দূষণকারী গ্যাসের নিঃসরণ কমানো জরুরি। স্বল্প সময়ে বৈশ্বিক উষ্ণায়নের গতি কমানোর সবচেয়ে দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি হলো মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণ। এর ফলে অর্থনীতি, কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন

বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালিয়ে পাল্টা জবাব দিল ইরান

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপর্যয় মানুষের জীবন ও জীবিকাকে ক্ষতিগ্রস্ত করছে এবং মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে। তাপমাত্রা যত বাড়বে, পরিস্থিতি তত ভয়াবহ হবে। মিথেন ও অন্যান্য অতি-দূষণকারী গ্যাসের নিঃসরণ কমানো গেলে দ্রুত সুফল পাওয়া সম্ভব। এতে স্বল্পমেয়াদে তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা এবং বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করলেও তা যতটা সম্ভব কম ও স্বল্পস্থায়ী রাখা সহজ হবে। তবে মিথেন নিয়ন্ত্রণের পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতেও দ্রুত পদক্ষেপ নিতে হবে।

সাইমন স্টিয়েল জানান, তেল ও গ্যাস খাতে বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করেই মিথেন নিঃসরণের ৭০ শতাংশ পর্যন্ত বন্ধ করা সম্ভব। এর বড় একটি অংশ নিয়ন্ত্রণে অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রয়োজন নেই; বরং তুলনামূলক কম খরচেই তা বাস্তবায়ন করা যায়।

তিনি আরও বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা খাতে মিথেন নিঃসরণ কমানোর উদ্যোগের ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ সাশ্রয় করতে পারে। এসব উদ্যোগের মাধ্যমে মিথেন সংগ্রহ করে ব্যবহার করা গেলে তা থেকে পাওয়া অর্থ বিনিয়োগের ব্যয়কেও ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন

আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

সম্মেলনে আরও জানানো হয়, তেল ও গ্যাস উৎপাদন খাতে প্রতিবছর ১৬৭ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলা হয়, যা ‘ফ্লেয়ারিং’ নামে পরিচিত। এতে প্রায় ৫৪ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানির অপচয় হচ্ছে। এই গ্যাসের অপচয় বন্ধ করা গেলে অর্থনৈতিক ক্ষতি কমানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

জাতীয় জলবায়ু পরিকল্পনাতেও মিথেন নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে জানানো হয়, বিশ্বের ৯০ শতাংশের বেশি দেশ তাদের নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনায় মিথেন নিঃসরণ কমানোর পদক্ষেপ অন্তর্ভুক্ত করেছে। এসব দেশ বিশ্বের মোট মিথেন নিঃসরণের প্রায় তিন-চতুর্থাংশের জন্য দায়ী।

তবে জলবায়ু অর্থায়নে বড় ধরনের ঘাটতির কথা তুলে ধরেন সাইমন স্টিয়েল। তিনি জানান, ২০২৩ সালে নিঃসরণ কমানোর জন্য বরাদ্দ করা জলবায়ু অর্থায়নের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ অতি-দূষণকারী গ্যাস নিয়ন্ত্রণে ব্যয় করা হয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি উন্নয়ন ব্যাংক ও জলবায়ু তহবিলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

মিত্রদের অনুরোধে ইরানে পরবর্তী হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প

এ জন্য চারটি বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সাইমন স্টিয়েল। এগুলো হলো—জাতীয় জলবায়ু পরিকল্পনায় মিথেন ও অন্যান্য অতি-দূষণকারী গ্যাস নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া, সংশ্লিষ্ট খাতগুলোর জন্য কার্যকর নীতি গ্রহণ, সরকারি ও বেসরকারি অর্থায়ন বাড়ানো এবং প্রয়োজনীয় প্রতিষ্ঠান, কারিগরি সক্ষমতা ও প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করা। পাশাপাশি প্যারিস চুক্তির আওতায় চালু হওয়া নতুন কার্বন বাজার বা প্যারিস চুক্তি ক্রেডিটিং মেকানিজম ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। এ ব্যবস্থার আওতায় বর্জ্যভূমি থেকে নির্গত মিথেন সংগ্রহ ও ব্যবহারকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্মেলনে অতি-দূষণকারী গ্যাস নিয়ন্ত্রণে ‘সুপার পলিউট্যান্ট কান্ট্রি অ্যাকশন অ্যাক্সিলারেটর’ কর্মসূচির জন্য নতুন করে ২৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নের ঘোষণা দেওয়া হয়। এতে নতুন সাতটি দেশ—আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, মরক্কো, পাকিস্তান, ফিলিপাইন ও উজবেকিস্তান যুক্ত হয়েছে। এর ফলে কর্মসূচির আওতাভুক্ত দেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। ২০৩০ সালের মধ্যে ৩০টি দেশকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে জীবাশ্ম জ্বালানি খাতে মিথেন নিঃসরণ ব্যাপকভাবে কমাতে যুক্তরাজ্যের নেতৃত্বে নেওয়া একটি ঘোষণায় সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া। এর লক্ষ্য জীবাশ্ম জ্বালানি খাতে মিথেন নিঃসরণ প্রায় শূন্যের কাছাকাছি নামিয়ে আনা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

আরও পড়ুন

ইরানের উপকূলীয় শহর সিরিকে দফায় দফায় বিস্ফোরণ

অন্যদিকে, সালফার হেক্সাফ্লোরাইড বা এসএফ-৬ গ্যাসের নিঃসরণ কমাতে নতুন বৈশ্বিক উদ্যোগের কথা তুলে ধরেছে জার্মানি। এটি অত্যন্ত শক্তিশালী গ্রিনহাউস গ্যাসগুলোর একটি। জার্মানির এ উদ্যোগে যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশনও সমর্থন জানিয়েছে।

সম্মেলনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের পাশাপাশি মিথেন ও অন্যান্য অতি-দূষণকারী গ্যাসের নিঃসরণ দ্রুত কমানো জরুরি। বিদ্যমান প্রযুক্তি, পর্যাপ্ত অর্থায়ন এবং দেশগুলোর কার্যকর উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন
দেশে সারের মজুত ছাড়াল ১৬ লাখ মেট্রিক টন
১৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:২০