• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:২২:৩৪ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত দাম, ১৬ জেলায় ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা

৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৬:২৩

গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত দাম, ১৬ জেলায় ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক রিপোর্ট: সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে দেশের ১৬ জেলায় ৩৯টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

৩ অক্টোবর শনিবার ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে বিশেষ তদারকি অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অধিদপ্তরের ২৩টি দল ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে। বাজারে গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম আদায় বন্ধ করতেই এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে অধিদপ্তর।

অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে তা দেওয়া হচ্ছে কি না, তা যাচাই করা হয়। পাশাপাশি সিলিন্ডারের নিরাপত্তাবিধি মানা হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি করা হচ্ছে কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখেন কর্মকর্তারা।

এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে সিলিন্ডার মজুত ও সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বিক্রয়কেন্দ্রের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

গ্যাস সিলিন্ডার কেনার আগে ওজন, সিল, মেয়াদ এবং সিলিন্ডারের গায়ে দৃশ্যমান কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কেনার সময় মূল্যতালিকা যাচাইয়ের পাশাপাশি রশিদ বা ভাউচার সংগ্রহেরও পরামর্শ দেওয়া হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিক্রিতে অতিরিক্ত দাম আদায়সহ কোনো ধরনের অনিয়ম চোখে পড়লে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ দিতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: বাংলানিউজ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বিশ্ব প্রাণী দিবস আজ
বিশ্ব প্রাণী দিবস আজ
৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৮:১৪