নিজস্ব প্রতিবেদক: নিজের কর্মকাল মূল্যায়ন করে নিজেকে ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অনেক কাজ করার ইচ্ছা থাকলেও সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


ড. সালেহউদ্দিন বলেন, ‘উপদেষ্টা হিসেবে নিজেকে ১০০-তে ৭০ নম্বর দেব। অনেক কাজ করার ছিল, কিন্তু সব করতে পারিনি। বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার পুরোপুরি শেষ করে যেতে পারিনি। সাঙ্গোপাঙ্গরা যদি ভালো না হয়, তাহলে আমি একা ভালো হয়ে কিছু করতে পারব না। সবাইকে ভালো হতে হবে।’
উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রসঙ্গে তিনি জানান, আগামী দুই-এক দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ তা প্রকাশ করতে পারে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে আসা হয়েছে, যেখান থেকে দেশ আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে, এতে তাদের কোনো আপত্তি নেই।
ভবিষ্যতে আবার সরকারের অংশ হওয়ার প্রস্তাব পাবেন কি না এ বিষয়ে নিশ্চিত নন জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার প্রস্তাব রয়েছে।
ব্যাংক খাত প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এ খাতে খানিকটা আস্থা ফিরেছে, তবে তা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। তিনি জানান, যারা অর্থ পাচার করেছে, তারা অত্যন্ত দক্ষ লোকের মাধ্যমে তা করেছে, তবু পাচারকারীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। কারা, কোন দেশে এবং কত টাকা পাচার করেছে এসব তথ্য শনাক্ত করা হয়েছে। নির্বাচিত সরকার যদি এ বিষয়ে আন্তরিক হয়, তাহলে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা সম্ভব।
বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা বিষয়ে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক আরও স্বাধীনতা চাইছে। পাশাপাশি সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available