• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:২৫:৪৪ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

২৯ জুন ২০২৬ দুপুর ১২:৫০:১৯

অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন—এই তিন ধাপে এগিয়ে নিতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ২৯ জুন সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও জনগণের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ সৃষ্টি করতে পেরেছে সংসদ। তিনি বলেন, ‘আমরা অতীত নিয়ে অনেক আলোচনা করেছি। এখন জনগণ ভবিষ্যৎ নিয়ে কথা শুনতে চায়।’

এবারের বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ উল্লেখ করে তারেক রহমান বলেন, পিছিয়ে পড়া মানুষের স্বস্তির কথা বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহার করায় বাজেটকে কেন্দ্র করে অন্য বছরের মতো বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়নি বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, আগের সরকারের নেওয়া বিপুল বৈদেশিক ঋণের বোঝা এখনো দেশের জনগণকে বহন করতে হচ্ছে। তাই বর্তমান সরকার শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাজেট প্রণয়ন করেছে।

প্রধানমন্ত্রী জানান, এ বাজেটের মূল লক্ষ্য হলো ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা, নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।

তিনি বলেন, বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করাই সরকারের অগ্রাধিকার। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে উন্নয়ন বাজেট ৫০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে, যাতে জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা যায়।

তারেক রহমান আরও বলেন, ‘আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলতে চাই, যেখানে ঋণের পরিবর্তে উৎপাদন হবে প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। তরুণরা যেন নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সেই পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৯ জুন ২০২৬ দুপুর ১২:০২:৩১



Follow Us