• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৫:৪১ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

সমন্বয়ের অভাবে সিলেটের স্বাস্থ্য অবকাঠামোর পূর্ণ ব্যবহার হচ্ছে না: বাণিজ্যমন্ত্রী

৪ জুলাই ২০২৬ বিকাল ০৪:৩৭:৪৫

সমন্বয়ের অভাবে সিলেটের স্বাস্থ্য অবকাঠামোর পূর্ণ ব্যবহার হচ্ছে না: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি: সিলেটে অপরিকল্পিত উন্নয়ন, জনবল সংকট এবং সমন্বয়ের অভাবে নির্মিত অনেক স্বাস্থ্য অবকাঠামো কাঙ্ক্ষিতভাবে ব্যবহৃত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

৪ জুলাই শনিবার সকালে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অবকাঠামো নির্মাণ করা হলেও সেগুলোর অনেকগুলো এখনো জনগণের কার্যকর সেবায় পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। পর্যালোচনা সভার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান বের করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সরকারি বিনিয়োগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের জবাবদিহিতা ও কার্যকর ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দিয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের এক থেকে দেড় মাসের মধ্যেই চলতি অর্থবছরের বাজেট প্রণয়ন করতে হয়েছে। সময় স্বল্পতা সত্ত্বেও সরকার মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে, যার প্রধান ভিত্তি শিক্ষা ও স্বাস্থ্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য পর্যায়ক্রমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জাতীয় আয়ের (জিডিপি) পাঁচ শতাংশ করে বিনিয়োগ নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা দুর্বলতা রয়েছে। পরিকল্পনার অভাব ও বাস্তবায়নগত সীমাবদ্ধতার কারণে অনেক প্রকল্প প্রত্যাশিত সুফল দিতে পারছে না এবং বরাদ্দের পুরো অর্থও সবসময় জনগণের কল্যাণে কাজে লাগছে না।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যখাতের সব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তার মতে, সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে সিলেটকে দেশের অন্যতম চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, ওসমানী মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নতুন কোচ পেল রোনালদোর আল নাসর
নতুন কোচ পেল রোনালদোর আল নাসর
৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৫৫:৩৪


ভিসা নীতিতে ৬ পরিবর্তন আনল আরব আমিরাত
ভিসা নীতিতে ৬ পরিবর্তন আনল আরব আমিরাত
৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৮:০৭





Follow Us