• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৪৬:৪৪ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে নিতে চায় বাংলাদেশ

২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৬:২৪

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে নিতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক: ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ককে আরও গভীর করে ভবিষ্যতে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে আরও কার্যকর ও ফলপ্রসূ অংশীদারত্বে রূপ দেওয়ার সুযোগ রয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়। ধর্মীয় বন্ধন, ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এ সহযোগিতা বিস্তৃত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. আবদুল মঈন খান বলেন, সৌদি আরব বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। দেশটিতে বসবাস ও কর্মরত লাখ লাখ বাংলাদেশি দুই দেশের জনগণের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা ও যত্ন নেওয়ার জন্য সৌদি সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বাংলাদেশ মর্যাদা দেয় উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। আঞ্চলিক শান্তি, সংঘাত প্রশমন এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায়ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সৌদি আরবের পুঁজি ও প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার, উৎপাদন সক্ষমতা ও দক্ষ জনশক্তির সমন্বয় দুই দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

এ ক্ষেত্রে জ্বালানি, বন্দর, অবকাঠামো, খাদ্য নিরাপত্তা ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশকে সৌদি আরবের দেওয়া উন্নয়ন সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ড. আবদুল মঈন খান বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ অংশীদারত্বে রূপ দিতে বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত।

বক্তব্যের শেষে সৌদি আরবের সরকার ও জনগণের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক
জাতিসংঘ অধিবেশনের মধ্যে নিউইয়র্কে বোমা আতঙ্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩১:৫৩