ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সংঘর্ষের পর চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে তিনজন নিহত হয়েছেন।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লছনা এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাইজদী চা-বাগানের অমৃত সিংয়ের ছেলে জয় সিং এবং সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা অটোরিকশার ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
সূত্র: জাগোনিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available