• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৩৯:২৬ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

হুতিদের অগ্রযাত্রায় বিপাকে সৌদি, বন্ধ হয়ে গেল তেলের পাইপলাইন

১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩১:১৬

হুতিদের অগ্রযাত্রায় বিপাকে সৌদি, বন্ধ হয়ে গেল তেলের পাইপলাইন

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপে পৌঁছেছে। একই সময়ে ইরাক থেকে আসা ড্রোন হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দুই ঘটনায় উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ ও আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

১১ সেপ্টেম্বর শুক্রবার ইয়েমেন সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, হুতিরা বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপে পৌঁছেছে। এর আগে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী দ্বীপটি থেকে সরে যায়। একই সময়ে হুতিরা পেরিমের বিপরীতে অবস্থিত লোহিত সাগর উপকূলীয় শহর ধুবাবও দখলে নেয় বলে দুটি সূত্র জানিয়েছে।

বাব আল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। প্রণালিটির নিয়ন্ত্রণ হুতিদের হাতে আরও শক্তিশালী হলে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। রয়টার্সের তথ্য অনুযায়ী, জুনে বৈশ্বিক তেল উৎপাদনের প্রায় ৭ শতাংশের সমপরিমাণ পেট্রোলিয়াম বাব আল-মান্দেব দিয়ে পরিবহন হয়েছে।

অন্যদিকে, সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে বৃহস্পতিবার একাধিক হামলার পর সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রিয়াদ ও মদিনা অঞ্চলে পাইপলাইনে হামলায় কয়েকজন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি তেল বৈশ্বিক বাজারে পৌঁছানোর গুরুত্বপূর্ণ বিকল্প পথ। সাম্প্রতিক মাসগুলোতে এতে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশের সমান।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরাক থেকে এসেছে। তবে হামলাটি কারা চালিয়েছে, তা স্পষ্ট নয়। ইরাকে ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রীর অনুরোধের পর এখন পর্যন্ত রিয়াদ কোনো পাল্টা হামলা চালায়নি। ইরাক সরকারও হামলার নিন্দা জানিয়েছে।

এই পরিস্থিতিতে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে হুতিদের বিরুদ্ধে সামরিক সহায়তা চেয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্তত দুবার ফোন করেন। তবে ওয়াশিংটন আপাতত সরাসরি সামরিক পদক্ষেপ নিতে রাজি হয়নি। এর পরিবর্তে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও লক্ষ্য নির্ধারণে সহায়তার কথা জানিয়েছে।

হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রা এরই মধ্যে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের আরও কয়েকটি কৌশলগত এলাকায় ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার তারা বন্দরনগরী মোখা ও হানিশ দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নেয় বলে রয়টার্স জানিয়েছে। ইয়েমেনের সরকারপন্থি বাহিনী এসব এলাকা পুনর্দখলের পাল্টা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক তেল সরবরাহও চাপে পড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, আগস্টে সৌদি আরবের অপরিশোধিত তেল সরবরাহ দৈনিক ৬০ লাখ ব্যারেলে নেমে এসেছে, যা তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। সংস্থাটি বলছে, সৌদি জ্বালানি অবকাঠামো ও আঞ্চলিক নৌপথে হামলা সরবরাহ কমার অন্যতম কারণ।

শুক্রবার তেলের দাম কিছুটা কমলেও সপ্তাহ শেষে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকার পথে ছিল। রয়টার্সের হিসাবে, দিন শেষে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ১০৪ দশমিক ৬১ ডলার এবং যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআইয়ের দাম ছিল ১০০ দশমিক ০৫ ডলার।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি জাহাজ ছাড়া অন্য জাহাজের জন্য সামুদ্রিক চলাচল নিরাপদ রয়েছে। তবে সৌদি জাহাজের ওপর আগে ঘোষণা করা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:০১




দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৫:২৩





টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৩:৪৪