আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৫ লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য। একই সময়ে রুশ সামরিক বাহিনীর মোট হতাহত—নিহত ও আহত মিলিয়ে—প্রায় ১৫ লাখে পৌঁছেছে।
১১ সেপ্টেম্বর শুক্রবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান এয়ার চিফ মার্শাল স্যার রিচ নাইটন এ তথ্য জানান। ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক হিসাবের ভিত্তিতে তিনি এসব তথ্য দিয়েছেন বলে জানানো হয়েছে।
নাইটন বলেন, রুশ বাহিনীর এই বিপুল ক্ষয়ক্ষতির সিংহভাগই ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে। তাঁর দাবি, এই সময়ের মধ্যে এত প্রাণহানির বিপরীতে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র প্রায় ২ শতাংশ দখল করতে পেরেছে।
তিনি বলেন, হতাহতের এই সংখ্যা খুব সামান্য অগ্রগতির জন্য মানুষের জীবনের ‘অর্থহীন ও বৃথা অপচয়’ তুলে ধরে। যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, এতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়েছে, ভোক্তা চাহিদা দুর্বল হয়েছে এবং মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়ে গেছে।
রুশ বাহিনীর জনবল ছাড়াও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান নাইটন। তাঁর হিসাবে, রাশিয়া ১০ হাজারের বেশি সাঁজোয়া ও সুরক্ষিত যান, প্রায় ৩ হাজার আকাশ প্রতিরক্ষা ও গোলন্দাজ ব্যবস্থা এবং ৩৭০টির বেশি বিমান ও হেলিকপ্টার হারিয়েছে।
তবে ইউক্রেনের সামরিক হতাহতের কোনো সংখ্যা নাইটন জানাননি। রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই নিয়মিতভাবে যুদ্ধক্ষেত্রে তাদের হতাহতের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে না। ব্রিটিশ হিসাবের সঙ্গে ইউক্রেনের প্রকাশিত সামরিক হিসাবের মোটামুটি মিল রয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: এপি, স্কাই নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available