ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরচালা পলাশ মার্কেট এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের একপর্যায়ে মাদক সরবরাহে ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এতে মোটরসাইকেলটি পুড়ে যায়।
১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে দুটি মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মিছিল নিয়ে মাদক কারবারের অভিযোগ ওঠা একটি পরিবারের বাড়িতে যান।
সেখানে পরিবারের কোনো পুরুষ সদস্যকে না পেয়ে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে বাড়ির সামনে থাকা মাদক সরবরাহে ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বিক্ষোভকারীরা পরিবারের স্বজনদের মাধ্যমে জানিয়ে দেন, মাদক কারবার বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে না এলে তাদের বিরুদ্ধে সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান তারা।
স্থানীয়দের দাবি, পলাশ মার্কেট এলাকার বাসিন্দা আলী এবং তার তিন ছেলে আমিরুল, ফজলু ও আরিফুলসহ পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। একাধিকবার সতর্ক করার পরও তারা এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
তাদের আরও দাবি, আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ থেকে ২০টি মাদক মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশে তারা জামিনে থাকলেও বড় ছেলে আমিরুল বর্তমানে একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছেন বলে স্থানীয়রা জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, ওই পরিবারের মাদক কারবারের কারণে এলাকার তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। স্থানীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও মাদকের বিস্তার ঠেকানো সম্ভব হয়নি বলে দাবি তাদের।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় অভিযুক্ত পরিবারের পুরুষ সদস্যরা এলাকায় না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা এবং পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available