আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। একই সঙ্গে বহুল আলোচিত ‘মাদার অব অল বোম্বস’ (এমওএবি) পারমাণবিক অস্ত্র নয়, বরং প্রচলিত অস্ত্রের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি বোমা বলে উল্লেখ করেছেন তিনি।
স্থানীয় সময় ১৫ অক্টোবর বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে এবং সে ক্ষেত্রে এমওএবি ব্যবহার করা হতে পারে—এমন গুঞ্জনের বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়।
জবাবে ট্রাম্প বলেন, মাদার অব অল বোম্বস কোনো পারমাণবিক অস্ত্র নয়। এটি আকারে বিশাল একটি প্রচলিত বোমা। শক্তিশালী হলেও এর সঙ্গে পারমাণবিক অস্ত্রের কোনো সম্পর্ক নেই।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলার পরিকল্পনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। কারণ, এ ধরনের অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।
সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তাঁর আস্থা রয়েছে কি না, সে প্রশ্নও করা হয়। জবাবে ট্রাম্প বলেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এমওএবি ব্যবহারের বিষয়ে কোনো চূড়ান্ত সামরিক পরিকল্পনা রয়েছে কি না, তা তাঁর এই বক্তব্য থেকে নিশ্চিত হওয়া যায় না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available