আন্তর্জাতিক ডেস্ক: এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সাথে নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। সফরের শুরুতেই তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে তার সরকারি বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
এছাড়াও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি মঙ্গলবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ)-এ পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং চিফ অব দ্য আর্মি স্টাফ ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেন।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন ২১ জুলাই মঙ্গলবার জানিয়েছে, এর আগে সফরসূচির অংশ হিসেবে মোমেনি ইসলামাবাদ পুলিশ লাইন্সে এক বিশেষ কুচকাওয়াজে যোগ দেন। সেখানে তিনি পাকিস্তান পুলিশ বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সেরা কাজের জন্য কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন। তাকে ফ্রন্টিয়ার কনস্ট্যাবলারির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি পাকিস্তান মনুমেন্টও পরিদর্শন করেন।
মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন ও সাম্প্রতিক উত্তেজনার মুখে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন ইরানের ভূখণ্ডে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালায়। জবাবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে জোরালো পাল্টা আঘাত চালায় ইরানি বাহিনী।
সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তির লক্ষ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের উসকানিমূলক পদক্ষেপ ও নতুন করে হামলা চালানোর কারণে সেই শান্তিপ্রক্রিয়া বাধার মুখে পড়েছে। ফলে পুরো অঞ্চলে আবারো চরম অনিশ্চয়তা ও সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্র: ডন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available