• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৩৫:১৫ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

অনলাইন জুয়ার অভিযোগে গ্রেফতার ভাইরাল রুনা পারভীন

২২ জুলাই ২০২৬ সকাল ০৮:৩৭:৫০

অনলাইন জুয়ার অভিযোগে গ্রেফতার ভাইরাল রুনা পারভীন

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি ভাইরাল হওয়ার পর আলোচনায় আসা যশোরের রুনা পারভীন (২৫) অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে গ্রেফতার হয়েছেন। তাকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ১৯ জুলাই রোববার রাত সাড়ে ৯টার দিকে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নিজ বাড়ি থেকে রুনা পারভীনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রুনা পারভীন উপজেলার সাতমাইল মোড়লপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে।

ডিবি পুলিশের বরাতে দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সাতমাইল এলাকার একটি বাড়িকে কেন্দ্র করে একটি চক্র ই-ট্রানজেকশন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট পরিচালনা করছে। এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে রুনা পারভীনকে আটক করা হয়। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন এবং বিভিন্ন আইএমইআই নম্বরযুক্ত সিমকার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে আদালতে তার বক্তব্য জানা যায়নি।

এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় জুয়া আইন ও ডিজিটাল অপরাধ-সংক্রান্ত প্রযোজ্য ধারায় মামলা দায়ের করেছেন। পরে সোমবার রুনা পারভীনকে যশোরের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us