আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালুর বিষয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করেছে ওমান। ১৪ সেপ্টেম্বর সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে গঠনমূলক আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরির জন্য বৈঠকটি পরবর্তী তারিখে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার রাতে বৈঠক স্থগিতের ঘোষণা দেয় ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং এই অঞ্চলের মানুষের সহযোগিতা ও শান্তির আকাঙ্ক্ষা পূরণে কার্যকর সমঝোতায় পৌঁছানোর মতো পরিবেশ তৈরির লক্ষ্যেই বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে নতুন তারিখ জানানো হয়নি।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ঐকমত্যের স্বার্থে সালালাহর বৈঠকটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অঞ্চলটিতে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বৈঠকে ইরান, ইরাক, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কুয়েত ও ওমানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা ছিল। তবে বৈঠক স্থগিতের আগে বাহরাইন জানিয়ে দেয়, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে কোনো যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবে না তারা।
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নতুন পথ তৈরির বিষয়ে ইরান ও ওমান কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে আসছে। ওমানের সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, দুই দেশ প্রণালিতে একটি অস্থায়ী যৌথ নৌপথ চালুর কাঠামো নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি স্থায়ী নৌপথ, নৌ চলাচল ব্যবস্থাপনা, তথ্য বিনিময় এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়ও আলোচনায় রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এর আগে জানিয়েছিলেন, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি নিয়ে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, ওমানের সঙ্গে নৌপথ নিয়ে সমঝোতার অর্থ হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়া নয়। এদিকে বৈঠকটি স্থগিত হওয়ায় প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার আঞ্চলিক উদ্যোগটি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সাম্প্রতিক সংঘাতের কারণে এ পথে নৌ চলাচল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। নিরাপদ নৌ চলাচল পুনরুদ্ধারে ইরান ও ওমানের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোও কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available