আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করলেও মুসলিম আলেম ও সমাজ এ বিষয়ে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এআইসহ উদীয়মান প্রযুক্তিতে পিছিয়ে পড়লে মুসলিম সমাজ বাইরের প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
১৩ সেপ্টেম্বর রোববার ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ‘জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হবো। কৃত্রিম বুদ্ধিমত্তা না বুঝলে আমরা উপনিবেশিত হয়ে পড়ব।’
কেরালার করণথুরে মার্কাজু সাকাফাথি সুন্নিয়ার এক অনুষ্ঠানে শেখ আবুবকর ফাউন্ডেশনের দেওয়া প্রথম ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণের পর তিনি এসব মন্তব্য করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় আলেমদের বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। এর মধ্যে আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয় রয়েছে।
তবে প্রযুক্তিগত অগ্রগতির কারণে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি। আনোয়ার বলেন, মুসলিম সমাজের প্রযুক্তিগত উন্নয়ন অবশ্যই জ্ঞান, দক্ষতা, ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করে এগিয়ে নিতে হবে।
তিনি আরও সতর্ক করেন, প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে নতুন প্রযুক্তির মাধ্যমে এমন কিছু মূল্যবোধ সমাজে প্রবেশ করতে পারে, যা ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতাকে দুর্বল করে দিতে পারে।
এ কারণে এআই সম্পর্কে আরও জ্ঞান অর্জন এবং এ বিষয়ে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতি যেন জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তির ওপর দাঁড়ায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কানথাপুরম এপি আবুবকর মুসলিয়ার কাছ থেকে আনোয়ার ইব্রাহিম পুরস্কারটি গ্রহণ করেন।
নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের সম্মেলনে অংশ নেওয়ার পর কেরালায় যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
সূত্র: আনাদোলু এজেন্সি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available