• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০৮:২৯ (16-Aug-2026)
  • - ৩৩° সে:

উচ্চ মূল্যস্ফীতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র: ইরানের প্রেসিডেন্ট

১৬ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৪:১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রের অবরোধ, নিষেধাজ্ঞা এবং তেল রপ্তানি থেকে আয় কমে যাওয়াকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

১৪ আগস্ট শুক্রবার দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। একই বিষয়ে রয়টার্সও জানিয়েছে, পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে মূল্যস্ফীতি বাড়ছে বলে অভিযোগ করেছেন।

পেজেশকিয়ান বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে পণ্য আমদানি করতে বেশি সময় ও অর্থ ব্যয় হচ্ছে। এতে পণ্যের পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে বাজারে দামও বাড়ছে।

তিনি বলেন, আগে জাহাজে করে সরাসরি পণ্য আনা সম্ভব হলেও এখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে পণ্য পৌঁছাতে হচ্ছে। ফলে পণ্য উৎপাদন ও সরবরাহের খরচ বেড়ে গেছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশটির তেল বিক্রি থেকে আয়ও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে আগের মতো তেল রপ্তানি করা সম্ভব হচ্ছে না, যার প্রভাব পড়ছে সরকারের রাজস্ব আয়ে।

এ ছাড়া সাম্প্রতিক সংঘাতে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের রাজস্ব আদায় আরও কমেছে বলে দাবি করেন পেজেশকিয়ান। তার ভাষ্য, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ায় সেসব প্রতিষ্ঠান থেকে আগের মতো কর আদায় করা সম্ভব হচ্ছে না।

তবে এসব সংকটের মধ্যেও দেশের অর্থনীতির কার্যক্রম সচল রাখতে হবে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট।

ইরানে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার সঙ্গে চলমান সংঘাত ও মার্কিন অবরোধ অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগও বেড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ