• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:১৫:০৮ (16-Aug-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশি বোলারদের চাপে ইনিংস হার এড়াতে লড়ছে অস্ট্রেলিয়া

১৬ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৪:৪৮

বাংলাদেশি বোলারদের চাপে ইনিংস হার এড়াতে লড়ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস হার এড়াতে কঠিন লড়াই করছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শুরুতেই মাত্র দেড় ঘণ্টার মধ্যে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে স্বাগতিকরা। ক্যামেরন গ্রিন একপ্রান্তে প্রতিরোধ গড়লেও অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে দ্রুত ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররা।

তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছিল অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের সপ্তম ওভারেই পঞ্চম উইকেট হারায় তারা। মেহেদী হাসান মিরাজের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেক্স ক্যারি। ৭২ বলে ৩০ রান করেন তিনি। এতে ক্যামেরন গ্রিনের সঙ্গে তার ৫৬ রানের জুটি ভাঙে।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি বেউ ওয়েবস্টারও। মিরাজের বলে বোল্ড হয়ে ৫ রানে ফেরেন তিনি। এরপর গ্রিনের সঙ্গে জুটি গড়তে নামা প্যাট কামিন্সও মাত্র ৮ রান করে সাদমান ইসলামের ক্যাচ হন। কামিন্সকেও ফেরান মিরাজ। নতুন দিনের তিন উইকেটসহ ইনিংসে এটি তার চতুর্থ শিকার।

অস্ট্রেলিয়া ২০৭ রানে সপ্তম উইকেট হারানোর পরও একপ্রান্ত আগলে রেখেছেন গ্রিন। ১০৯ বলে দুই চারে ফিফটি পূর্ণ করা এই অলরাউন্ডার ১৩ মাস ও ১৩ ইনিংস পর টেস্টে হাফ সেঞ্চুরির দেখা পান। তার প্রতিরোধই এখন অস্ট্রেলিয়ার ইনিংস হার এড়ানোর অন্যতম ভরসা।

এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ ৪২৬ রান সংগ্রহ করে। তানজিদ হাসানের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর ৮৪ রান এবং মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ২২৮ রানের লিড পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজলউড ৬ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে শুরুতে অস্ট্রেলিয়া দ্রুত উইকেট হারালেও তৃতীয় দিনের শেষ সেশনে গ্রিন ও ক্যারির প্রতিরোধে কিছুটা ঘুরে দাঁড়ায়। দিন শেষে ৬৭ রানে পিছিয়ে ছিল তারা। তবে চতুর্থ দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এখন অস্ট্রেলিয়ার সামনে মূল লক্ষ্য ইনিংস হার এড়িয়ে ম্যাচে লিড নেওয়া। অন্যদিকে ঐতিহাসিক টেস্ট জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করতে অস্ট্রেলিয়ার বাকি উইকেটগুলো দ্রুত তুলে নিতে চাইবে বাংলাদেশ।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ