নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে একই দিনে পৃথক দুটি অভিযানে পুলিশের ওপর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। ফতুল্লায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক অস্ত্রধারী আহত হয়েছেন।
১৫ আগস্ট শনিবার বিকেলে পৃথক সময়ে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে এসব ঘটনা ঘটে।
অন্যদিকে, সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে ইট ও লোহার রডের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ জানায়, বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর এলাকার আরবান স্কুলের সামনে নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় জসিম (২৪), মোহন (২৩)সহ ৭ থেকে ৮ জন পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে একটি পিস্তল থেকে গুলি ছোড়ে। তবে গুলি পুলিশ সদস্যদের গায়ে লাগেনি।
পুলিশ আরো জানায়, আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার সরকারি পিস্তল থেকে মোট ৮ রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিমের ঊরুতে গুলি লাগে। গোলাগুলির সময় এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল আহত হন। আহত জসিম ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে। পরে অভিযান চালিয়ে জসিম ও মোহনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘১৫ আগস্ট উপলক্ষে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
অন্যদিকে, একই দিন বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার আটি ওয়াবদা কলোনি এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন দুই পুলিশ সদস্য। এএসআই স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ সেখানে অভিযান চালান।
পুলিশের দাবি, আসামিপক্ষের লোকজন ইট ও লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে ভর্তি করেন। আহত অপর পুলিশ সদস্যকেও চিকিৎসা দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, পুলিশের একজন সদস্য হাসপাতালে ভর্তি আছেন। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আজকে পৃথক দুটি ঘটনায় পাঁচজন পুলিশ আহত হয়েছে। এর মধ্যে ফতুল্লার অভিযানের দুইজন গ্রেফতার আছে কিন্তু সিদ্ধিরগঞ্জের অভিযানে আসামিরা পুলিশের উপর হামলা করে পালিয়ে যায়। তবে তাদেরকে গ্রেফতারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available