• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ রাত ১০:৪৮:৩৬ (15-Aug-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদ-জামায়াত সংঘর্ষে এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর

১৫ আগস্ট ২০২৬ রাত ০৯:৫৩:৪০

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদ-জামায়াত সংঘর্ষে এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সংসদ সদস্য (এমপি) আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এমপি হামজার গাড়ি এবং গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়সহ একাধিক স্থানে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

১৫ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের নিয়ে এমপি আমির হামজার কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে আজ বিকেলে ছয় রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ জেলা শাখা। সমাবেশস্থলের অদূরেই আমির হামজার বাসভবন। সমাবেশের শেষ পর্যায়ে এমপি আমির হামজা পুলিশ প্রটোকল নিয়ে বাড়ি ফেরার পথে সেখানে থাকা তার কয়েকজন সমর্থক স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় এমপির গাড়ি ভাঙচুর করা হয় এবং উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন বলে দাবি করা হয়েছে।

প্রথম দফার সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। অভিযোগ উঠেছে, মাগরিবের নামাজ চলাকালে আমির হামজার সমর্থক ও জামায়াত-শিবির কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শহরের হাইস্কুল মার্কেটে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। পরে সংঘবদ্ধ হামলাকারীরা মিছিল নিয়ে হরিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি আব্দুল খালেকের ব্যক্তিগত অফিসেও ভাঙচুর করে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে হুমকি-ধমকি দেন হামলাকারীরা।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, উত্তেজনা নিরসনে পুলিশ দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ