• ঢাকা
  • |
  • রবিবার ১লা ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৩৫:১৪ (16-Aug-2026)
  • - ৩৩° সে:

অবশেষে স্বাক্ষরিত হলো হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল চুক্তি

১৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:০১:০৬

অবশেষে স্বাক্ষরিত হলো হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই এ তথ্য জানিয়েছেন।

১৫ আগস্ট শনিবার ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘায়েই বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে ইরান ও ওমানের মধ্যে চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের বাধার মধ্যেও প্রায় তিন সপ্তাহ ধরে দুই দেশ এ বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল।

বাঘায়েই বলেন, গত তিন সপ্তাহের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে দুই দেশ সমঝোতায় পৌঁছেছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সেখানে জাহাজ চলাচল নিয়ে যেকোনো ধরনের অনিশ্চয়তা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে এক অনুষ্ঠানে হরমুজ প্রণালি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধে ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বিবেচনা করবেন তিনি।

ট্রাম্পের ওই বক্তব্যের প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই ওমানের সঙ্গে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট নিয়ে চুক্তির তথ্য প্রকাশ করল ইরান।

তবে ইরান-ওমানের এই চুক্তি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে কী ধরনের বাস্তব পরিবর্তন আনবে এবং এর আওতা কতটা বিস্তৃত—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ