আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে, নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ। ১০ অক্টোবর শনিবার রাজধানী দিল্লিতে তাঁদের বহনকারী বিমান অবতরণের পর তাঁদের আটক করা হয় বলে দাবি করেছে দলটি। আটকের পর তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ১০ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, সিজেপির নেতাদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এক হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপি নেতা রত্না সিংহ।
দলটির দাবি, নেতাদের আটকের ঘটনা পূর্বপরিকল্পিত। তাঁদের নির্ধারিত বিক্ষোভস্থলে পৌঁছাতে বাধা দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক বিবৃতিতে আটকের ঘটনার নিন্দা জানিয়ে সিজেপি বলেছে, বিরোধী কণ্ঠ দমনের উদ্দেশ্যেই নেতাদের আটক করা হয়েছে।
প্রতিবেদনের শিরোনামে অভিজিৎ দীপকের আটকের সময় করা একটি মন্তব্যও তুলে ধরা হয়েছে। সেখানে তাঁকে বলতে দেখা যায়, ‘আমাকে গ্রেফতার করুন, আমি আপনাদের ভয় পাই না।’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। তবে কর্মসূচির অনুমতি না পাওয়ায় বিক্ষোভ ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
বিক্ষোভ ঠেকাতে বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিক্ষোভে যোগ দিতে আসা নেতাকর্মীদের আটক এবং তাঁদের চলাচলে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে।
এর আগে গুরুগ্রামে নিজের বাবার সঙ্গে অবস্থানকালে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই দিন সিজেপি নেতা রত্না সিংহকেও আটক করা হয়।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিরোধের মধ্যে সিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে ধরপাকড়ের ঘটনা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available