আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ১০ অক্টোবর শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকেই তাঁকে আটক করা হয়। একই বিমানে থাকা দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করেছে পুলিশ।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ১০টা ১৯ মিনিটের দিকে তাঁদের বহনকারী বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পরপরই পুলিশ সেখানে পৌঁছে যায়। এরপর বিমানে উঠে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। এ সময় বিমানের অন্য যাত্রীদেরও দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
এর আগে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার প্রস্তুতিকালে গুরুগ্রামের বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ। তাঁকে দিল্লিতে না যাওয়ার অনুরোধ করা হয়েছিল বলে অভিযোগ। তবে সেই অনুরোধ না মানায় তাঁকে আটক করা হয় বলে জানা গেছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কয়েকজন ব্যক্তি ও সিজেপির একাধিক নেতাকেও আটক করেছে পুলিশ। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পাঁচ শতাধিক মানুষকে আটক করা হয়েছে।
সিজেপি নেতা সৌরভ দাস জানিয়েছেন, তাঁদের আইনি বিষয়গুলো দেখভালের দায়িত্বে থাকা আইনজীবী রত্না সিংহকেও শনিবার সকালে আটক করেছে পুলিশ। আইনজীবীদের একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। তবে বিক্ষোভের অনুমতি না দেওয়ায় কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে ধরপাকড় ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্র: আনন্দবাজার
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available