দিল্লির বিক্ষোভে যাওয়ার আগে যে বার্তা দিলেন অভিজিৎ দীপকে
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লির সীমান্ত, রেলস্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি ৪৫টি মেট্রো স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এমন পরিস্থিতিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে আটক বা গ্রেফতার নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে।তিনি বলেন, ‘তারা যদি আমাকে আটক বা গ্রেফতার করতে চায়, করুক। আমি তার জন্য প্রস্তুত। আমাকে গ্রেফতার করুক বা আটক করুক, তাতে আমার কিছু যায়-আসে না।’দিল্লিতে পৌঁছানোর পর তাঁকে আটক করা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে সংবাদ সংস্থা এএনআইকে এ কথা বলেন অভিজিৎ।প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে তিনি দিল্লির পথে রওনা হন। এএনআই প্রকাশিত ভিডিওতেও তাঁকে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করতে দেখা গেছে।দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ লেখেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়ে গেছে। জ্ঞানেশ কুমার, ভোট চুরিতে আপনার সহায়তা করার দিন শেষ হয়ে গেছে।’নির্বাচনি তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে দলটি। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস