আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য মামলা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে ২৭ সেপ্টেম্বর রোববার মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু ইসরায়েলের আন্তঃমন্ত্রণালয় কমিটি এবং বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের প্রধানকে এরদোয়ানের বিরুদ্ধে একটি আইনি নথি প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তোলার বিষয়ও বিবেচনায় রয়েছে।
এরদোয়ানের বিরুদ্ধে প্রস্তুত করা মামলায় তুরস্কে কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে আচরণ এবং হামাসের প্রতি তুর্কি সরকারের কথিত অর্থসহায়তার বিষয়কে গুরুত্ব দেওয়া হবে বলে আই২৪নিউজ জানিয়েছে। তবে এখনো মামলা দায়ের করা হয়নি। নেতানিয়াহু ও ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করেননি।
এই উদ্যোগের পেছনে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক আইনি ও কূটনৈতিক উত্তেজনাকে কারণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে এরদোয়ান নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই ইসরায়েল পাল্টা আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে ইসরায়েল ও তুরস্ক—দুই দেশই আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাতা রোম সংবিধির সদস্য নয়। ফলে এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য মামলার এখতিয়ার নিয়েও আইনি জটিলতা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরাসরি মামলা করার পরিবর্তে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে বিষয়টি আদালতে তোলার সম্ভাবনাও বিবেচনা করছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে নেতানিয়াহু ও এরদোয়ানের মধ্যে সাম্প্রতিক সময়ে বাকযুদ্ধও তীব্র হয়েছে। ২৪ সেপ্টেম্বরের ভাষণে নেতানিয়াহু এরদোয়ানকে ‘স্বৈরাচারী’ বলে আখ্যা দেন এবং হামাসকে আশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা যুদ্ধসংক্রান্ত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available